প্রায় গোলবৃষ্টি হয়েছিল আগের রাতে। ৮ ম্যাচে ৩০ গোল।
পরশু রাতে প্রায় একই সময়ে সবগুলো ম্যাচের প্রথমার্ধ শেষে দেখা গেল সাকল্যে চার গোল! ফুটবল অনুরাগীদের জন্য কিছুটা বিরক্তিকর। তবে এটুকু দেখেই কেউ খেলা দেখা বাদ দিলে পরের দিন আফসোস করেছেন। প্রথমার্ধের গোলখরা কাটাতেই যেন দ্বিতীয়ার্ধে গোল হলো ১৯টি। সব মিলিয়ে এই রাতেও ৮ ম্যাচে ২৩ গোল। মন্দ কী! ম্যাচের ফল আবার আগের দিনের চেয়েও বৈচিত্র্যময়। দুই সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনা-আয়াক্সের লড়াইয়ে ডাচ ক্লাব উড়ে গেছে ৪-০ গোলে। শেষ ১০ মিনিটের ২ গোলে সেল্টিককে হারিয়ে শুরু করেছে সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল আর সাবেক চ্যাম্পিয়ন পোর্তো ১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া ভিয়েনাকে।
প্রথম দিন প্রায় সব ফেবারিট দল জিতলেও পরশু কপাল পুড়েছে গতবারের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড আর সাবেক চ্যাম্পিয়ন চেলসির। নাটকীয় এক ম্যাচে নাপোলির কাছে ২-১ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। একই ব্যবধানে সুইস ক্লাব বাসেলের কাছে হার দিয়ে শুরু হয়েছে হোসে মরিনহোর চেলসির।
লিওনেল মেসির হ্যাটট্রিক আর গোলরক্ষক ভিক্টর ভালদেসের দুর্দান্ত পারফরম্যান্সে ন্যু ক্যাম্পে জিতেছে বার্সেলোনা। তবে স্কোরশিট দেখে ম্যাচটা একতরফা হয়েছে ভাববেন না। প্রথমার্ধে দুটি দুর্দান্ত সেভের সঙ্গে দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি বাঁচিয়ে বার্সাকে অক্ষত রেখেছেন ভালদেস। আর সুযোগ পেয়েও কাজে লাগাতে না পেরে হতাশ আয়াক্স কোচ ফ্রাঙ্ক ডি বোর, ‘আমরা দ্বিতীয়ার্ধে যেভাবে খেলেছি সেটা খুব লজ্জাজনক। যেভাবে পরের তিনটা গোল খেয়েছি তাতে হতাশ। যখন সুযোগ পেয়েছি তখন গোল করতে পারিনি।’
চ্যাম্পিয়নস লিগে অভিষেকের চাপ আর সম্প্রতি বাবার মৃত্যুশোক মিলিয়ে বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনোর জন্য সবকিছু সহজ ছিল না। এই সময়ে তাঁকে একটা জয় উপহার দিতে পেরে খুশি মেসি, ‘ম্যাচটা ছিল ওর জন্য বিশেষ কিছু। যা হয়েছে সেটা তো খুব দুঃখজনক এবং সে কষ্ট পাচ্ছে। কিন্তু এই সময়ে আমরা সবাই ওঁর পাশে আছি।’
স্টামফোর্ড ব্রিজে ৪৫ মিনিটে অস্কারের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধে ২ গোল করে হিসাব উল্টে দিয়েছে বাসেল। নিজের মাঠে হার দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু হওয়ায় বেশ হতাশ চেলসি কোচ, ‘এক ধাপ এগোনোর বদলে আমরা এক ধাপ পেছালাম। আমার মনে হয় খেলার কঠিন মুহূর্তগুলো সামলাতে যে পরিপক্বতা লাগে সেটা একটু কম এই দলটার। যা-ই হোক, আমাদের আরও পরিশ্রম করতে হবে। এই একটা উপায়ই আমার জানা আছে।’
তবে রাতের সবচেয়ে নাটকীয় ম্যাচটা দেখেছে ইতালির সান পাওলো। আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের গোলে ডর্টমুন্ডের বিপক্ষে এগিয়ে গিয়েছিল নাপোলি। গোলের পর চতুর্থ রেফারির সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে ডাগ-আউট ছাড়তে হয়েছে ডর্টমুন্ডের কোচ ক্লপকে। ম্যাচ শেষে অবশ্য নিজের আচরণের জন্য খেলোয়াড়, রেফারি, সমর্থক সবার কাছেই ক্ষমা চেয়েছেন তিনি, ‘আমাকে আমার কৃতকর্মের দায় নিতে হবে। আমি ভাঁড়ের মতো আচরণ করেছি, এটা খুবই বোকামি হয়েছে। আমার আবেগের কারণে একটা ভালো ম্যাচ এ রকম অস্থির হয়ে উঠেছে।’
কোচের পর হ্যান্ডবলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ডর্টমুন্ড গোলরক্ষক রোমান ভাইডেনফেলারও। ১০ জনের দল ডর্টমুন্ড ৬৭ মিনিটে গভীর হতাশায় ডোবে নাপোলি ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়ার গোলে। শেষ দিকে হুয়ান জুনিগার আত্মঘাতী গোলে ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি গতবারের রানার্সআপরা। এএফপি।
এ ক ন জ রে
চেলসি ১ : ২ বাসেল
শালকে ৩ : ০ স্টুয়া বুখারেস্ট
মার্শেই ১ : ২ আর্সেনাল
নাপোলি ২ : ১ ডর্টমুন্ড
অ্যাটলেটিকো ৩ : ১ জেনিত
অস্ট্রিয়া ভিয়েনা ০ : ১ পোর্তো
মিলান ২ : ০ সেল্টিক
বার্সেলোনা ৪ : ০ আয়াক্স
* স্বাগতিক দল প্রথমে