হারে শুরু 'নতুন' স্পেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের বিপক্ষে ফ্রান্সের জয়ের নায়ক লইক রেমিকে জড়িয়ে সতীর্থ ম্যাথু ভালবুয়েনার উল্লাস l এএফপি
স্পেনের বিপক্ষে ফ্রান্সের জয়ের নায়ক লইক রেমিকে জড়িয়ে সতীর্থ ম্যাথু ভালবুয়েনার উল্লাস l এএফপি

দুই দলের বিশ্বকাপ-স্মৃতিটা দুই রকম। ব্রাজিলে শিরোপা ধরে রাখার অভিযানে গিয়ে স্পেন চরমভাবে ব্যর্থ। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে গেলেও টুর্নামেন্টে উজ্জীবিত পারফরম্যান্সের সুবাদে দিদিয়ের দেশমের তারুণ্যনির্ভর ফ্রান্স নজর কেড়েছিল সবার। পরশু এই দুই দলের দ্বৈরথও যেন মনে করিয়ে দিল বিশ্বকাপের স্মৃতিই। উজ্জীবিত ফ্রান্সের সামনে অনেকটাই ম্রিয়মাণ স্পেন।
ফলটাও গেছে ফ্রান্সের পক্ষে। ভিসেন্তে দেল বস্কের নতুন চেহারার স্পেনের যাত্রা শুরু হলো হার দিয়ে। প্যারিসের প্রীতি ম্যাচে স্পেনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ফ্রান্স। ইতালি-হল্যান্ড ম্যাচে ঘটেছে উল্টো ঘটনা। বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়া ইতালি ২-০ গোলে হারিয়ে দিয়েছে তৃতীয় হওয়া হল্যান্ডকে। অবশ্য দীর্ঘ ৮০ মিনিট হল্যান্ডকে খেলতে হয়েছে ১০ জন নিয়ে।
৬৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন লইক রেমি। ম্যাচ শেষে করিম বেনজেমা গাইলেন দলীয় সংহতিরই গান। স্পেন কোচ দেল বস্ক অবশ্য দলের পারফরম্যান্সকে দেখছেন ইতিবাচক চোখেই। জাভি হার্নান্দেজ, জাবি আলোনসো, ডেভিড ভিয়ারা অবসর নিয়েছেন। চোটের কারণে ছিলেন না আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে। পরশুর ম্যাচেই স্পেনের হয়ে অভিষেক হয়েছে তিনজনের। সব মিলিয়ে দলের পারফরম্যান্সে হতাশ নন দেল বস্ক, ‘আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। তবে আমি মনে করি, আমরা দেখাতে পেরেছি যে আমরা ভালো দল।’
বিশ্বকাপে জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলা দলের ১০ জনকেই শুরুর একাদশে নামিয়েছিলেন দেশম। অন্যদিকে স্পেন দলে অনেক নতুন মুখ। ফ্রান্স কোচ দেশমও তাই মানছেন, ‘জাভি-আলোনসো-ইনিয়েস্তা-পিকেদের মতো খেলোয়াড়দের অনুপস্থিতিতে কাজটা কখনোই সহজ নয়। দেল বস্ক বড় কোচ। কিন্তু জাদুকর নন।’
বারিতে ইতালি ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ২-০ গোলে। তিন মিনিটেই গোল করেন চিরো ইম্মোবিলে। ১০ মিনিটে ইতালির তরুণ প্রতিভা সিমোনে জাজাকে ফাউল করে ব্রুনো মার্টিন ইন্ডি নিজে লাল কার্ড পেয়েছেন, প্রতিপক্ষকে উপহার দিয়েছেন পেনাল্টি। তা থেকে ইতালি পেয়ে যায় দ্বিতীয় গোল। জাতীয় দলের কোচ হিসেবে অভিষেকেই জয় পেয়ে খুশি ইতালি কোচ আন্তোনিও কন্তে, ‘সব সময়ই জয় দিয়ে শুরু করাটা দারুণ।’ হল্যান্ড কোচ গাস হিডিঙ্কের কথা, ‘ম্যাচটা শেষ হয়ে গেছে ১০ মিনিটেই।’ এএফপি।
এক নজরে
ফ্রান্স ১ : ০ স্পেন
ইতালি ২ : ০ হল্যান্ড
বেলজিয়াম ২ : ০ অস্ট্রেলিয়া
সুইডেন ২ : ০ এস্তোনিয়া
ক্রোয়েশিয়া ২ : ০ সাইপ্রাস
বেলারুশ ৬ : ১ তাজিকিস্তান
* আগে স্বাগতিক দল