স্বস্তির জয়। হয়তো ঘুরে দাঁড়ানোর জয়ও।মোহামেডানের বিপক্ষে কাল শেখ জামাল ধানমন্ডির জয়টাকে এভাবেই দেখা যায়। কয়েক দিন ধরেই মাঠে এবং মাঠের বাইরে বিপর্যস্ত শেখ জামাল। পাঁচ ম্যাচের তিনটিতেই হার, যার দুটি আবার সর্বশেষ দুই ম্যাচে। দিশা খুঁজে পাচ্ছিল না দলটি। ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয় পাওয়া তাই গতবারের চ্যাম্পিয়নদের জন্য বড় স্বস্তির।শেখ জামাল কাল সামর্থ্য অনুযায়ী খেলেই জয় তুলে নিয়েছে ২-১ গোলে। ছয় ম্যাচে ৭ পয়েন্ট। চার নম্বরে উঠে এসেছে, তবে চ্যাম্পিয়নদের জন্য এটি এখনো ভদ্রস্থ জায়গা নয়। লিগটা মাঝরেখা ছোঁয়ার আগে তিনটি হার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক পিছিয়ে দিয়েছে আমিনুলদের।এই বিপর্যয়ের অন্যতম কারণ মাঠের বাইরের অস্থিরতা। কোচ বিদায়ের পর নানা ঘটনার পরম্পরায় সর্বশেষ দুই বিদেশি খেলোয়াড়কে নিয়ে শুরু হয় জটিলতা। ক্লাব সভাপতির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে হঠাৎই বিদায় নিয়েছেন ঘানাইয়ান ডিফেন্ডার ইসা ও নাইজেরিয়ান মিডফিল্ডার অ্যালান। দলীয় সমন্বয়ও তাতে ভেঙে যায়।নতুন কোচ আবু ইউসুফ নিজের প্রথম দুই ম্যাচেই দেখলেন পরাজয়। এ অবস্থায় তাঁর ও দলের জন্য অক্সিজেন হিসেবে একটা জয় দরকার ছিল জামালের। কাল মাঠের নামার পর থেকেই সেটি পাওয়ার জন্য বেশ গোছানো এবং প্রত্যয়ী মনে হয় তাদের। ২২ মিনিটেই ২-০ করে ফেলে শেখ জামাল। মোহামেডান গোলরক্ষক হিমেল যথাসাধ্য চেষ্টা করেও হার ঠেকাতে পারেনি। দুই বিদেশির করা দুটি গোলই সেট পিচে। প্রথম গোলটা প্রায় ৩০ গজ দূর থেকে ফেমির অসাধারণ ফ্রি-কিকে। কর্নারে জটলার মধ্যে ইয়োকোর টোকায় দ্বিতীয় গোল।দিনটা ছিল শেখ জামালেরই। গোটা প্রথমার্ধই খেলা হলো মোহামেডানের সীমানায়। দ্বিতীয়ার্ধে মোহামেডান ঘুরে দাঁড়িয়ে একটা গোল শোধ করেছে। ৫২ মিনিটে ইয়াসিনের ঠেলে দেওয়া বল দুর্দান্ত এক গড়ানো শটে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন ওয়াহেদ (২-১)। শেষ দিকে উইলকক্স ফাঁকা পোস্ট পেয়েও নিঃশ্বাস-দূরত্ব থেকে বল তুলে দিয়েছেন বারের ওপর দিয়ে! নইলে ২-২ হতে পারত।ক্ষয়িষ্ণু মোহামেডানের জন্য এটা খুবই হতাশার। সুযোগ কাজে লাগাতে পারছে না তারা। আগের ম্যাচটায় ওয়াহেদ গোলরক্ষককে একা পেয়েও শেষ দিকে বাইরে মেরেছেন, নইলে শক্তিশালী মুক্তিযোদ্ধার বিপক্ষে ড্র নয়, জিততেই পারত সাদা-কালোরা। কাল আবার উইলকক্সের অমন ব্যর্থতা!৫ ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া মোহামেডান কোচ এমেকার ক্ষোভটা নিজেদের ওপরই, ‘দুটি গোলই সেট পিচ থেকে খেলাম। ওই সময়টা “ঘুমোনো” যাবে না বলেছিলাম খেলোয়াড়দের, তারা শুনল না। তারই মাশুল এই হার।’বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ইউসুফের মুখে ছিল আশার কথা, ‘খেলোয়াড়দের মনোবল ফিরেছে। মাঠে এবং মাঠের বাইরের সম্মিলিত চেষ্টাতেই জয় আসে। সেই চেষ্টাটা অবশেষে দেখলাম।’শেখ জামাল: আমিনুল, মিন্টু শেখ (অরূপ), ভাসানী, ইউসুফ (শরীফ), রায়হান, কোমল, ফেমি (মিশু), সোহেল রানা, আউক, ইয়েকো, কেস্টার।মোহামেডান: হিমেল, হাসান আল মামুন, চিবুকি (মোরসালিন), জনসন, সোহেল রানা, সোহাগ (মোবারক), ইয়াসিন, ওয়াহেদ, তপু, ওচেন্দো, উইলকক্স।