হারের বৃত্ত ভাঙল ব্রাদার্স
ব্রাদার্সের কোচ সৈয়দ নইমুদ্দিনের মুখে হাসি ফিরেছে। ম্যাচের পর বললেন, ‘এ জয়ের জন্যই এত অপেক্ষায় ছিলাম।’ টানা চার ম্যাচ হেরে জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স। কোচ শুধু নন, গোটা দলেই কাল সন্ধ্যায় বইল স্বস্তির হাওয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ব্রাদার্স জিতল ১-০ গোলে। ফরাশগঞ্জের বিপক্ষে মহামূল্যবান ওই গোলটি করেন ওলালেকিন জসুয়া। ১৫ মিনিটে কর্নার থেকে আসা বল হেড করে নামিয়ে দেন কিংসলে। সেটিতেই জসুয়ার টোকায় লক্ষ্যভেদ। অবনমন বাঁচাতে ব্রাদার্সের জয়টা খুব দরকার ছিল। তবে ব্রাদার্স গোল পাওয়ার পর ম্যাচটা আস্তে আস্তে নিষপ্রভ হয়ে যায়। যেন শেষ বাঁশি শোনারই অপেক্ষাতেই ছিল দুই দল।ব্রাদার্সের পয়েন্ট ১৭ ম্যাচে ১৮। ফরাশগঞ্জের ১৭। কাগজ-কলমে দুই দল এখনো নিরাপদ নয়। তবে কালকের জয়ে ব্রাদার্স উঠে দাঁড়ানোর শক্তি ফিরে পেয়েছে। এই দুলের পেছনে আছে ফেনী সকার ( ১৬), আরামবাগ (১৩) ও রহমতগঞ্জ (৯)। দুটি দল অবনমিত হবে এবং অবনমন বাঁচানোর লড়াইটা এখন বেশ জমাট।