হারের বৃত্তেই ঘুরপাক মোহামেডানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল আর ফুটবল মাঠে মোহামেডানের হারটা বড় কোনো খবর নয়। বেতনের দাবিতে কদিন আগে খেলোয়াড় বিদ্রোহ ঐতিহ্যবাহী দলটির গায়ে ছিটিয়েছে কালির দাগ। সব মিলিয়ে মাঠে ও মাঠের বাইরে খেই হারানো মোহামেডান বাংলাদেশ লিগে সর্বশেষ চারটি ম্যাচের তিনটিতেই থাকল পয়েন্ট শূন্য।মাঠের বিপর্যয়ের এই পর্বটা শুরু গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার কাছে ৪-১ হার দিয়ে। ফেনীতে সকারের বিপক্ষে জয় তুলে ব্রাদার্সের কাছে ৪-১ ব্যবধানে হার। পরাজয়ের ঘূর্ণাবর্তে থাকা মোহামেডান কাল শেখ জামালের কাছে হেরেছে ১-০ গোলে। বাংলাদেশ লিগে এ নিয়ে ছয় সাক্ষাতের সবকটিতেই জামাল জিতল মোহামেডানের বিপক্ষে। তবে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই হার মোহামেডানের কাছে হতাশারই। গোলের সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপে পুড়েছেন কোচ সাইফুল বারী, ‘ভীষণ কষ্ট পেয়েছি এই পরাজয়ে। গোলের সুযোগ হেলায় হারানো দুঃখজনক।’সাদা-কালোর ঘানাইয়ান স্ট্রাইকার মরিসন প্রথমার্ধে গোলরক্ষককে দুবার একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ। ১০ ম্যাচে মোহামেডানের ১১ গোলের আটটিই মরিসনের। মরিসন গোল না পেলে মোহামেডানকে ভুগতে হয়। তার ওপর কাল দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় মানিকের শট লাগল ক্রসবারে। অবশ্য ক্রসবারে লেগেছে জামালের স্ট্রাইকার সানডের শটও। এটা ম্যাচের শুরুর দিকে। তবে ৫৫ মিনিটে মোহামেডানের অফসাইড ফাঁদ এড়িয়ে অগাস্টিনের পাসে ঠিকই গোল করেছেন সানডে। সানডে একসময় মোহামেডানে খেলেছেন। আর অগাস্টিন এই লিগেই প্রথম পর্বে ছিলেন মোহামেডানে। দ্বিতীয় পর্বে তাঁকে না রাখায় অগাস্টিন হয়তো মোহামেডানের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষায় ছিলেন। এই দুই সাবেক খেলোয়াড়ের কাছেই আসলে হেরে গেল মোহামেডান।এই জয়ে ১০ ম্যাচে জামালের পয়েন্ট ২২। শীর্ষে থাকা আবাহনীর ২৩। ৯ ম্যাচে ২২ পয়েন্ট শেখ রাসেলেরও। ১৩ পয়েন্ট নিয়ে মোহামেডান পঞ্চম স্থানে।