হারের বৃত্তেই মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে অঘটনের স্বপ্ন দেখিয়েছিলেন জাহানারা আলম। কিন্তু অঘটন দূরে থাক, ম্যাচে লড়াইটাও যেন করতে পারছেন না বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি হতাশার দিন পার করল কাল। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ৪৯ রানে।
বাংলাদেশের শুরুটা মোটেও খারাপ ছিল না। প্রথম ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে বাঁধে ৫২ রানে। যদিও কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। এরপরই যেন বেপরোয়া হয়ে ওঠেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, শুরুতে উইকেট না হারানোর ফায়দাটা ভালোই তুলেছেন শেষ ১০ ওভারে। দুই ওপেনার হেইলি ম্যাথুজ ও স্টেফানি টেলর ভিত্তি গড়ে দিয়েছিলেন, এর সদ্ব্যবহার করেন ডিয়েন্ডা ডট্টিন (১১ বলে ২৪) ও স্টেসি কিং (১৫ বলে ২০)। এই দুজনের ব্যাটেই শেষ ৫ ওভারে ৫০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, শেষ ১০ ওভারে উঠেছে ৯৬। ২০ ওভার শেষে উইন্ডিজের স্কোর ১৪৮/৪।
ম্যাচ নিয়ে সব অনিশ্চয়তা সেখানেই শেষ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ ইনিংস ১১৭। কিন্তু পাহাড়সমান ১৪৮ রান টপকে জিততে হলে অস্বাভাবিক কিছুই করে দেখাতে হতো বাংলাদেশি ব্যাটারদের। শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। ওপেনাররা আশা জাগিয়েছিলেন, ৩ ওভারে ২২ রান তুলেছিলেন শারমিন আখতার ও সানজিদা ইসলাম। কিন্তু ২৪ রানে সানজিদা ফিরতেই সেই পরিচিত বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে কেউই থিতু হতে পারেননি। দুই ওপেনারের পর দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু ফারজানা হক ও নিগার সুলতানা। ৮২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান নাহিদা আক্তারকে নিয়ে ১০০ ছোঁয়ার চেষ্টা করেছিলেন নিগার। কিন্তু ২৭ রানে তিনি আউট হয়ে যাওয়ায় ৯৯ রানেই থেমে যেতে হয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ২৪ মার্চ। পাকিস্তানের বিপক্ষে দিল্লির ওই ম্যাচটি নিছকই আনুষ্ঠানিকতার। ক্রিকইনফো।