হারের মধ্যে মেয়েদের প্রাপ্তি 'রেকর্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্যামি বিউমন্টকে আউটের পর বোলার জাহানারা আলমের উল্লাস। কাল মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টিতে অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি জাহানারার দল l ছবি: আইসিসি
ট্যামি বিউমন্টকে আউটের পর বোলার জাহানারা আলমের উল্লাস। কাল মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টিতে অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি জাহানারার দল l ছবি: আইসিসি

ভারতের বিপক্ষে ৯১ রান করার পর কাল ইংল্যান্ডের সঙ্গে ১১৭। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের উন্নতির লেখচিত্র বেশ ঊর্ধ্বমুখী। তবে এতেও টানা দ্বিতীয় পরাজয় এড়াতে পারেনি জাহানারা আলমের দল। ভারতের কাছে ৭২ রানে হারের পর কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংলিশ মেয়েদের কাছে ৩৬ রানে পরাজয়।
শক্তিশালী এই দুই দলের বিপক্ষে বাংলাদেশ জিতবে—এমনটা আশা করা কঠিন। তবে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাহানারা-সালমারা, সে আশা তো করাই যায়। ভারতের বিপক্ষে না হলেও ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের লড়াই একটু হয়েছে। এই ম্যাচ হারলেও সবচেয়ে বড় প্রাপ্তি নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটা নতুন করে লেখা। ১১৭ রানই এখন বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর, দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে করা ১১৫ রান নেমে গেছে দ্বিতীয় স্থানে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েরা এর আগে মাত্র সাতবার পেরিয়েছে এক শ। অধিনায়ক জাহানারার কাছে এটি বেশ তৃপ্তিদায়ক, ‘আমাদের জন্য ভালো স্কোর। হারলেও এটি প্রেরণাদায়ী।’
অধিনায়ক শার্লট এডওয়ার্ডসের ৬০ রানের কল্যাণে ৭ উইকেটে ১৫৩ রান করে ইংলিশ মেয়েরা। বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে। কিন্তু নিগার সুলতানা-সালমা খাতুনের পঞ্চম উইকেটে ৬৪ রানের জুটিই নতুন এক উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশকে। পঞ্চম উইকেটে এটিই বাংলাদেশের মেয়েদের নতুন রেকর্ড জুটি। যেকোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ। নিগার করেছেন ২৮ বলে ৩৫ আর ৩০ বলে ৩২ রান করে সালমা থেকে যান অপরাজিত। এর মধ্যে নিগারের লং অফের ওপর দিয়ে মারা একটি ছক্কাও আছে। ১৯ রান করে করেছেন ফারজানা ও রুমানা।
নিগার-সালমার ব্যাটিংয়ে বেশ খুশি জাহানারা। তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও মন্দ হয়নি। তবে সামনের ম্যাচে আরও ভালো করতে প্রত্যয়ী তিনি, ‘আমরা দ্রুত কিছু উইকেট হারিয়েছি। সালমা-জ্যোতি (নিগার) দারুণ ব্যাটিং করেছে। দিনটা আমাদের ভালোই গেছে (ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে)। আমি ভালো ফর্মে ছিলাম না। আজ (কাল) কিছু উইকেট (৩২ রানে ৩ উইকেট) পেয়েছি। তবে এতে খুশি নই। পরের ম্যাচে আরও কম রান দেওয়ার চেষ্টা করব।’
বাংলাদেশ পরের ম্যাচ খেলবে পরশু চেন্নাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ (এডওয়ার্ডস ৬০, স্কিভার ২৭, বিউমন্ট ১৮, ব্রান্ট ১৭, ওইয়েট ১৫, টেলর ৯, নাইট ১, গ্রিনওয়ে* ০; জাহানারা ৩/৩২, সালমা ১/২৮, নাহিদা ০/১২, লতা ০/৯, ফাহিমা ১/৩৩, খাদিজা ১/১৫, রুমানা ১/২৩)।
বাংলাদেশ: ২০ ওভারে ৬ উইকেটে ১১৭ (নিগার ৩৫, সালমা ৩২*, ফারজানা ১৯, রুমানা ১৯, জাহানারা ২, আয়েশা ২, শারমিন ০; ব্রান্ট ১/১৭, শ্রাবসোল ২/২৭, স্কিভার ০/২২, গান ১/১৫, হ্যাজেল ১/২০, নাইট ০/৯)।
ফল: ইংল্যান্ড ৩৬ রানে জয়ী।
ম্যাচসেরা: শার্লট এডওয়ার্ডস।