হারের মধ্যেও অনেক মণি-মুক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ঢাকা টেস্টের আগ পর্যন্ত এ বছর ওয়েস্ট ইন্ডিজ দল টেস্ট খেলেছে আটটা। অন্যদিকে বাংলাদেশ দলের জন্য ঢাকা টেস্টই ২০১২ সালে প্রথম টেস্ট। পাঁচ দিনের টেস্টে চার দিনেরও বেশি সময় খেলায় ছিল বাংলাদেশ দল। শেষ দুই সেশনে হেরে গেলেও এক বছর পর টেস্টে নেমে ওই প্রাপ্তিও কম নয়!কাল ম্যাচ শেষের টিম মিটিংয়ে কোচ শেন জার্গেনসেন পরাজয়ের ময়নাতদন্তে গেলেন সামান্যই। খেলোয়াড়দের সামনে তুলে ধরলেন প্রথম টেস্টের ভালো দিকগুলো। যাঁরা মাঠে খেলে এসেছেন, তাঁরা যে এই ব্যাপারগুলো জানতেন না তা নয়। তবে কোচের কাছ থেকে আরেকবার যখন শুনলেন হেরে যাওয়া টেস্টে অনেক প্রাপ্তির কথা, সান্ত্বনায় সবচেয়ে বড় প্রলেপ হয়েছে সেটাই।কাল ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার পর পরিকল্পনা ছিল চা-বিরতি পর্যন্ত ধরে খেলা। এরপর খেলাটাকে জয়ের দিকে নিয়ে যাওয়া। সেটা না হওয়ার আফসোস বুকে চেপে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিমও মেলে ধরলেন প্রাপ্তির খাতাই, ‘শেষ দুটি সেশন বাদে পুরো টেস্ট ম্যাচেই আমরা খুব ভালো খেলেছি। প্রতিটি সেশনে ধারাবাহিকভাবে ভালো খেলেছি। কিন্তু আজ (কাল) লাঞ্চের পর ম্যাচটা আমাদের কাছ থেকে চলে গেছে।’ লাঞ্চ থেকে চা-বিরতির মাঝের সময়েই বাংলাদেশ দল হারিয়েছে ৫ উইকেট। মুশফিক বলছিলেন, ‘আপনি যখন ২৫০ রান চেজ করবেন, তখন এমন হলে কাজটা খুব কঠিন হয়ে যায়। ওই সেশনে যদি আমরা একটা বা দুটি উইকেট হারাতাম, তাহলে শেষ সেশনে হাতে বেশ কিছু উইকেট থাকত। তখন জেতার জন্য খেলতে পারতাম।’প্রথম ইনিংসের ঠিক উল্টো ব্যাটিংই দেখা গেছে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসে। ব্যাটসম্যানদের বাজে শট খেলা এর বড় কারণ। তবে মুশফিক কৃতিত্ব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বোলিংকেও, ‘আমার মনে হয় দুটিরই কম্বিনেশন আছে। ভালো বোলিং যেমন হয়েছে, আবার অনেকেই দেখা গেছে বাজে কিছু শট খেলেছেন। এ রকম টেস্ট উইকেটে টপ-অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে যা আশা করি না।’ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রানের টার্গেট দেওয়ার পর ‘ড্র নাকি জয়ের জন্য খেলবে বাংলাদেশ’ প্রশ্নটাই বড় ছিল। শেষ দিনে ২৪৫ রান তাড়া করাও কঠিন বলে প্রথম উদ্দেশ্য ড্র-ই ছিল। মুশফিক বলছিলেন, ‘পরিকল্পনা ছিল লাঞ্চের আগের সময়টা ও পরের সেশনে আমরা অলআউট খেলব না, স্বাভাবিক খেলা খেলব। ওই সময়ে একটা বড় জুটি হলে শেষ সেশনে ১২০ বা সর্বোচ্চ ১৫০ রান দরকার হলেও চেজ করার চেষ্টা করতাম।’ চতুর্থ ইনিংসে জয়ের টার্গেট নিয়ে ব্যাটিংয়ের অভিজ্ঞতা কমই আছে বাংলাদেশ দলের। শেষটা ভালো করতে না পারার পেছনে সেটাকেও একটা কারণ মনে হয় অধিনায়কের।কারণ যেটাই হোক, ব্যর্থতা শেষ পর্যন্ত ব্যাটসম্যানদেরই। টেস্ট ম্যাচে ওভাবে মেরে খেলার দরকারটাই কী! মুশফিক অবশ্য এ জায়গায় ব্যাটসম্যানদের পক্ষেই ব্যাট করলেন, ‘আমাদের কয়েকজন ব্যাটসম্যান আছে যারা শট খেলতে পছন্দ করে। তামিমের মতো ব্যাটসম্যান শট খেলেই রান করে। খেয়াল করলে দেখবেন ১০০ করলেও সে ৯০-র ঘরে যায় ছক্কা বা চার মেরে। আমার মনে হয় যার যেটা স্বাভাবিক খেলা, তাকে সেটাই খেলতে দেওয়া উচিত।’দ্বিতীয় ইনিংসের ব্যাটিং প্রথম ইনিংসের মতো না হলেও বোলাররা দারুণ সফল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ২৭৩ রানে অলআউট করাতেই তো দেখা গেছে জয়ের স্বপ্ন! মুশফিক তাই প্রশংসা-বৃষ্টিতে ভেজালেন বোলারদের, ‘ওদের ব্যাটিং-অর্ডার আমাদের জন্য খুব সহজ ছিল না। সোহাগ গাজীকে কৃতিত্ব দিতে হবে। অভিষেক টেস্টে অসাধারণ বোলিং করেছে। দ্বিতীয় ইনিংসে সাকিবও। রুবেলের কথাও বলতে হবে। তার জন্য উইকেটে তেমন কিছুই ছিল না। কিন্তু কঠোর পরিশ্রম করেছে।’এমনিতে ২৪৫ বড় কোনো রান নয়। তবে টেস্ট জয়ের জন্য শেষ দিনে এই রান একটা চ্যালেঞ্জ, মুশফিকের ভাষায় ‘ট্রিকি স্কোর’। শুরুতে সাবধানে খেলে ম্যাচটাকে শেষ সেশন পর্যন্ত নিয়ে গিয়ে জয়ের জন্য ঝাঁপানোর পরিকল্পনা সে জন্যই ছিল। শেষ পর্যন্ত সফল হয়নি সে পরিকল্পনা।প্রথম ইনিংসে ৫৫৬ রান করা দলের জন্য দ্বিতীয় ইনিংসে ২৪৫-ও করতে না পারা হতাশার। তবে আজ খুলনা যাওয়ার আগে ঢাকা টেস্ট থেকে শুধু হতাশাই নিয়ে যাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক। তুলে নিচ্ছেন এই টেস্টের মণি-মুক্তাগুলোও। সোহাগের ৯ উইকেট, নাঈমের সেঞ্চুরি, সাকিব-নাসির-তামিমের অমন ব্যাটিং! এসবের যোগফলে সাফল্যের অঙ্ক না বসলেও মুশফিক বলছিলেন, ‘এমন অনেক কিছুই এ টেস্টে হয়েছে যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি...।’রয়েল বেঙ্গল টাইগারের শহর খুলনায় সেই গর্বই সঙ্গী হবে বাংলাদেশ দলের।