
টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ডটা ৪১৮ রানের। হেডিংলি টেস্ট জিততে হলে নিউজিল্যান্ডকে এর চেয়েও করতে হবে ৫০ রান বেশি। জয়ের জন্য সফরকারীদের সামনে ৪৬৮ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। কঠিন এই লক্ষ্যে ব্যাটিং শুরু করে চতুর্থ দিনের খেলা শেষে নিউজিল্যান্ড ১৫৮ রানেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। অর্থাৎ জিততে হলে আজ ম্যাচের শেষ দিনে বাকি চার উইকেটে করতে হবে আরও ৩১০ রান। নিউজিল্যান্ডের জন্য যা প্রায় অসম্ভব। এই লক্ষ্যপূরণের আশা করার চেয়ে তারা বরং চেয়ে থাকতে পারে হেডিংলির আকাশের দিকে। একমাত্র বৃষ্টিই কেবল বাঁচাতে পারে তাদের।
প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হওয়া নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। ৪০ রানেই ফুলটন (৫) ও উইলিয়ামসনকে (৩) হারায় তারা। চা-বিরতির আগে রাদারফোর্ডও বিদায় নিলে স্কোর বোর্ডে নিউজিল্যান্ড ৬৫/৩। চতুর্থ উইকেটে টেলর-ব্রাউনলির ৭৯ রানের জুটি একটা আশা দেখাচ্ছিল সফরকারীদের। কিন্তু এ জুটি বিচ্ছিন্ন হওয়ার পর স্কোরবোর্ডে আর ১০ রান যোগ হতেই আরও ২ উইকেট হারায় তারা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া গ্রায়েম সোয়ানই কিউই ব্যাটসম্যান হননে নেতৃত্ব দিয়েছেন এদিন—৬১ রানে নিয়েছেন ৪ উইকেট।
ব্যর্থ সফরকারী বোলাররাও। আগের দিনের ১১৬ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড প্রথম সেশনে ওভারপ্রতি ৪.৫৯ করে রান তুলে ২৯ ওভারে করেছে ১৩৩ রান। সেঞ্চুরি পেয়েছেন তৃতীয় দিন শেষে ৮৮ রানে অপরাজিত থাকা অ্যালিস্টার কুক। ১১ টেস্টে ‘ক্যাপ্টেন’ কুকের এটা সপ্তম সেঞ্চুরি। প্রথম ইংলিশ হিসেবে ২৫টি টেস্ট সেঞ্চুরিও হয়ে গেছে এই বাঁহাতি ওপেনারের। ইনিংসের ১৫তম চারটি মেরেই সেঞ্চুরি ছুঁয়েছিলেন কুক। কুকের সেঞ্চুরি ছোঁয়ার সময় ইংল্যান্ডের মোট স্কোরই ছিল মাত্র ১৪০। কুকের সঙ্গে ১৩৪ রানের জুটি গড়া জোনাথন ট্রট খোলস ছেড়ে বেরিয়েছেন চতুর্থ দিনে। তৃতীয় দিনে ১১ রান করতেই ৬৯ বল খেলা ট্রট কাল শেষ ৬৫ রান করেছেন ৯৫ বলে। শেষ ১০ ওভারে দ্রুত ৬৫ রান তুলে ২৮৭ করার পরই ইনিংস ঘোষণা করেন কুক। ওয়েবসাইট।