
ইনিংস হার এড়াতে দরকার ২৮৬ রান। পাকিস্তানের হাতে আছে ৬ উইকেট। প্রায় নিশ্চিত, দুবাইতে দ্বিতীয় টেস্টটা জিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষেই বলে দেওয়া যায় তারা সমতা আনছে সিরিজে। আর ধরে রাখছে গত সাত বছরে দেশের বাইরে কোনো সিরিজ না হারার রেকর্ডটা। তবে দিন শেষে কি স্বস্তিতে আছে গ্রায়েম স্মিথের দল? দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই নিখুঁত ক্রিকেট খেলা দলটির গায়ে যে কাল লেগে গেছে বল টেম্পারিংয়ের কালি। বল বিকৃতির অভিযোগে ৫ রান জরিমানাও গুনতে হয়েছে দলটিকে।
ঘটনাটা চা-বিরতির দুই ওভার পরের। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩১তম ওভার শুরু হওয়ার আগে দুই আম্পায়ার রক টাকার ও ইয়ান গোল্ড দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথকে ডেকে জানিয়ে দিলেন ৫ রান জরিমানার সিদ্ধান্ত। পাল্টানো হলো বলটাও। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ল ফ্যাফ ডু প্লেসিস ট্রাউজার পকেটের জিপারে বল ঘষছেন। আইসিসির আইন অনুযায়ীই জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার আগে-পরে অবশ্য দক্ষিণ আফ্রিকাই ছড়ি ঘুরিয়েছে। প্রথম ইনিংসে ৫১৭ রান করে তারা লিড পায় ৪১৮ রানের। এরপর দ্বিতীয় ইনিংসে ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার ২ রানের মধ্যেই ফিরিয়ে দেন পাকিস্তানের দুই ওপেনার শান মাসুদ ও খুররম মনজুরকে। আগের ম্যাচে ১৪৬ রান করা মনজুর এ ম্যাচের দুই ইনিংসেই শূন্য করেছেন। আজহার আলী ও ইউনিস খান তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করার পর অনিয়মিত স্পিনার জেপি ডুমিনি প্রথম বলেই ফিরিয়ে দেন আজহারকে। স্লিপে ক্যালিস ক্যাচটা না ফেললে ইউনিসের উইকেটটাও পেতেন ডুমিনি। শেষ পর্যন্ত ইউনিস ফিরেছেন ইমরান তাহিরের গুগলিতে বিভ্রান্ত হয়ে।
সকালে দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ৬ উইকেট হারায় মাত্র ৫৭ রানে। ডি ভিলিয়ার্স (১৬৪) ও স্মিথ (২৩৪) দুজনই ফিরেছেন অল্পতেই। পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল ১৫১ রানে নিয়েছেন ৬ উইকেট। তথ্যসূত্র: ওয়েবসাইট।