হারের স্বাদ পেল চট্টগ্রামও
বিপিএলে অপরাজিত থাকল না কোনো দলই। প্রথম দুই ম্যাচে জেতার পর কাল হারের তিক্ত স্বাদ পেল চট্টগ্রাম কিংসও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা গ্ল্যাডিয়েটরস তাদের হারিয়েছে ৬ উইকেটে। তিন ম্যাচে ঢাকার এটি দ্বিতীয় জয়।১৫৩ রানের পুঁজি নিয়েই জয়ের স্বপ্ন দেখছিল চট্টগ্রাম কিংস। কিন্তু ৬১ রানে ঢাকার ৪ উইকেট ফেলে দিয়েও জয়ের ছবি আঁকতে পারেনি তারা। পঞ্চম উইকেটে দুই বিদেশি ড্যারেন স্টিভেন্স ও কাইরন পোলার্ডের অবিচ্ছিন্ন ৯৫ রানের জুটিতেই এক ওভার বাকি থাকতে ম্যাচ শেষ। এর আগে দুই ছক্কা, দুই চারে ১৪ বলে ২৮ রান করে মোহাম্মদ আশরাফুল করেছেন এগিয়ে দেওয়ার কাজটা। ঢাকা অবশ্য ম্যাচ জয়ের জন্য ধন্যবাদ দিতে পারে চট্টগ্রাম কিংসের বাঁহাতি স্পিনার ফয়সাল হোসেনকে। একটি ওভারই বল করেছেন তিনি। ইনিংসের সেই ১২তম ওভারটিতে দিয়েছেন ২১ রান!এর আগে চট্টগ্রাম কিংসের করা ১৫৩ রান ছিল সম্মিলিত প্রচেষ্টার ফসল। তবে সবচেয়ে বড় অবদান ৩১ বলে ৪৩ রান করা ডোয়াইন ব্রাভোর। ওপেনার জহুরুল ইসলামও চাইলে বড় করতে পারতেন নিজের ইনিংস। কিন্তু ২৪ রান করে মোশাররফ হোসেনের পর পর দুই বলে আফতাব আহমেদের ক্যাচ হওয়া থেকে বেঁচে গিয়েও পরের বলে হয়ে গেলেন রানআউট! সংক্ষিপ্ত স্কোরচিটাগাং কিংস: ২০ ওভারে ১৫৩/৬ (ব্রাভো ৪৩, জামশেদ ২৭, জহুরুল ২৪, রয় ১৮, জিয়া ১৪*, মাহমুদউল্লাহ ১০; সানি ৩/১৭, রানা নাভিদ ১/৩৫)। ঢাকা গ্ল্যাডিয়েটরস: ১৯ ওভারে ১৫৬/৪ (পোলার্ড ৫০*, স্টিভেন্স ৪৩*, আশরাফুল ২৮, ইমরান ২২; আরাফাত সানি ২/১২, এনামুল জুনিয়র ১/২৪)। ফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কাইরন পোলার্ড।