হার্টই ইংল্যান্ডের ‘হূৎপিণ্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ বিশ্বকাপে রোনালদিনহোর সেই বিখ্যাত গোলটার কথা নিশ্চয়ই ভুলে যাননি। ডেভিড সিম্যানের ভুলের খেসারত দিতে গিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ-স্বপ্নেরই সমাধি ঘটে সেই গোলে। গোলরক্ষক সমস্যা এরপর থেকেই ইংল্যান্ডকে ভুগিয়েই যাচ্ছে, অনেকেই দলে আসা-যাওয়ার মধ্যে থাকলেও থিতু হতে পারেননি কেউই। তবে এবার দলের শেষ প্রহরীকে নিয়ে ইংল্যান্ড কোচ রয় হজসন অনেকটাই নির্ভার। ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী ম্যানচেস্টার সিটি গোলরক্ষক জো হার্ট যে এবার তুখোড় ফর্মে আছেন!ইংল্যান্ডের জার্সি গায়ে হার্ট আরও দুর্দান্ত। জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক আটটি ম্যাচ খেলেছেন, হারেননি একটিতেও। নির্ভর করার মতো একজন গোলরক্ষক পেয়ে হজসনের কপালের ভাঁজও এখন অনেকটাই কমেছে, ‘ইংল্যান্ডের বা পুরো বিশ্বের সেরা দলগুলোর দিকে তাকালে দেখবেন তাদের প্রত্যেকেরই একজন করে দুর্দান্ত গোলরক্ষক ছিল। যেমন গর্ডন ব্যাঙ্কস, তিনি অবশ্য বিশ্বেরই সেরা গোলরক্ষক ছিলেন।’ এ মৌসুমে ক্লাবের হয়ে হার্টকে ফাঁকি দিয়ে মাত্র ২৯ বার বল ঢুকেছে জালে। ম্যাচ বাঁচানো দারুণ সব সেভও করেছেন। ইংল্যান্ডকে প্রথমবারের মতো ইউরো জেতাতে হার্টকেই তুরুপের তাস মানছেন হজসন, ‘হ্যাঁ, তাঁর ওপর অনেক কিছু নির্ভর করছে। ম্যান সিটির হয়ে সে দুর্দান্ত খেলেছে। ইংল্যান্ডের পক্ষে খেলার সময়ও সে দারুণ করছে। আমাদের ভালো কিছু করতে হলে সেরা ফর্মের হার্টকেই প্রয়োজন।’ দুই বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বেঞ্চে বসে থাকতে হলেও অভিজ্ঞতাটা একেবারে তিক্ত নয় হার্টের, ‘দক্ষিণ আফ্রিকা ছিল দারুণ। আমি রোমাঞ্চিত ছিলাম, শুধু দল হিসেবে যদি আরও ভালো করতে পারতাম! আমাদের দলটা সত্যি ভালো ছিল। দুর্ভাগ্য, যেমন চেয়েছিলাম তেমন করতে পারিনি।’ নিজের দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পার্থক্যও খুঁজে পাচ্ছেন হার্ট, ‘দুই বছর আগের চেয়ে এখনকার মানসিকতা অনেক ভিন্ন। দলে এখন আমি নিয়মিত, তাই আমার ওপর প্রত্যাশার চাপও অনেক বেশি।’ গত দুটি প্রস্তুতি ম্যাচে নরওয়ে ও বেলজিয়ামের সঙ্গে গোল না খাওয়ায় হার্টের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। ইউরোতে ইংল্যান্ডের প্রথম ম্যাচই ফ্রান্সের সঙ্গে, ১১ জুন। হার্টও এই ম্যাচ নিয়ে রীতিমতো রোমাঞ্চিত, ‘ফ্রান্সের সঙ্গে ম্যাচটি চ্যাম্পিয়নশিপেরই অন্যতম বড় ম্যাচ। বক্সের আশপাশে ফ্রান্স ভালো ফুটবলই খেলবে, আর আমাদের সেজন্য প্রস্তুত থাকতে হবে। ইংল্যান্ডের হয়ে বেশ কিছু বড় ম্যাচই খেলেছি, এটা হতে যাচ্ছে এমন আরেকটি।’ এএফপি।