সোনা নিশ্চিত হতেই খ্যাপাটে এক দৌড় গ্যালারির দিকে। পেছনে ছুটছেন ফটোগ্রাফাররা। থামলেন গ্যালারির কাছে গিয়ে। রুপালি পর্দার ইনক্রেডিবল হালক-এর মতো গর্জন করে দুই হাতে এক টানে ছিঁড়ে ফেললেন গায়ের ভেস্ট। দুই হাতে সেই ছেঁড়া পোশাক নিয়ে চলল তর্জন-গর্জন। কেউ একজন জার্মান পতাকা ছুড়ে দিতেই জড়ালেন উদোম গায়ে। পাশে তাকিয়ে দেখলেন খানিক দূরে মেয়েদের ১০০ মিটার হার্ডলসের জন্য সাজিয়ে রাখা হয়েছে ট্র্যাক। হঠাৎ সেদিকে ভোঁ-দৌড়। তুখোড় স্প্রিন্টে সব হার্ডল পার হয়েও ছুটতে থাকলেন। শেষ পর্যন্ত থামলেন মশাল স্তম্ভের নিচে গিয়ে।কেউ হাসেন, কেউ কাঁদেন, কেউ নাচেন। অদ্ভুত সব উদ্যাপনই দেখল অলিম্পিক। কিন্তু উচ্ছ্বাস আর উদ্যাপন কতটা উন্মত্ত হতে পারে, রবার্ট হার্টিং দেখালেন ডিসকাস থ্রোর সোনা জিতে। দুঃস্বপ্নের মতো শুরুটাকে পেছনে ফেলে পদক তালিকায় জার্মানির অবস্থান আরেকটু শক্ত হলো হার্টিংয়ের সোনা জয়ে। হতাশাজনক শুরুর পর ঘুরে দাঁড়ানো রাশিয়ার অবস্থানটা যেমন আরেকটু শক্ত হয়েছে হাইজাম্পে ইভান উখভের সোনা জয়ে।হার্টিংয়ের সোনা জয়টা অবশ্য অপ্রত্যাশিত ছিল না। বেইজিংয়ে অলিম্পিক অভিষেকে হয়েছিলেন চতুর্থ। তবে বিশ্বমঞ্চে জয়ের ঝান্ডা উড়িয়েছেন পরের বছর থেকেই। ২০০৯ ও ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে এবার লন্ডন এসেছিলেন ফেবারিট হিসেবেই। তবে পরশু শুরুটা করেছিলেন বাজে। প্রথম চার থ্রোতে এগিয়ে ছিলেন ইরানের এহসান হাদাদি। পঞ্চম থ্রোতে ৬৮.২৭ মিটার ছুড়ে ছাড়িয়ে গেলেন হাদাদিকে, শেষ পর্যন্ত ওটাই এনে দিয়েছে সোনা। অমন পাগলপারা উদ্যাপন স্বপ্নপূরণের আনন্দে, ‘অমন বাজে শুরুর পর ফিরে আসাটা কঠিন ছিল। কিন্তু আস্তে আস্তে ভালো হতে থাকল। এই অনুভূতি অদ্ভুত, অসাধারণ। ১২ বছর বয়স থেকেই এই দিনটার স্বপ্ন দেখে আসছি।’হাদাদি জিতেছেন রুপা, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যেটি ইরানের প্রথম অলিম্পিক পদক। উখভ হাইজাম্পের সোনা পেয়েছেন ২.৩৮ মিটার লাফিয়ে। এএফপি।