হার্নান্দেজের গোলে ম্যান ইউয়ের জয়
চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের সঙ্গে গোল-শূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচেও সেই একই পরিণতির দিকেই যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু খেলার শেষ মুহূর্তে বদলি হিসেবে মাঠে নামা মেক্সিকান স্ট্রাইকার জাভিয়ের হার্নান্দেজের কল্যাণে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা। অন্যদিকে ভ্যালেন্সিয়া পেয়েছে মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ।নতুন মৌসুমের শুরুটা বেশ ভালোই হয়েছিল ভ্যালেন্সিয়ার। স্প্যানিশ লিগে পাঁচ ম্যাচ পর বার্সেলোনা, রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়নস লিগটাও শুরু করেছিল বার্সাপোরের বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয়ে। অন্যদিকে এখন পর্যন্ত খুব একটা ভালো ফর্মে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে বোল্টনের সঙ্গে কোনোমতে হার এড়িয়েছে তারা। তার ওপর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন রায়ান গিগস, পল স্কলস ও ওয়েইন রুনি। ইউরোপিয়ান ফুটবলের এ দুই পরাশক্তির লড়াইয়ে অনেকেই এগিয়ে রাখছিলেন ভ্যালেন্সিয়াকে।কিন্তু শেষ পর্যন্ত ম্যান ইউয়ের কাছেই আটকে গেল ভ্যালেন্সিয়ার জয়যাত্রা। দ্বিতীয়ার্ধে ৮৫ মিনিটের মাথায় ফ্রেডরিকো মাচেডার পাস থেকে ম্যান ইউয়ের পক্ষে খেলার একমাত্র গোলটি করেন জাভিয়ের হার্নান্দেজ।ম্যাচ শেষে নিশ্চয়ই আক্ষেপে পুড়ছেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার সোলডাডো। অন্তত দুটি সহজ গোলের সুযোগ তিনি নষ্ট না করলে হয়তো জয়ের ধারা অব্যাহতই থাকত ভ্যালেন্সিয়ার।—বিবিসি অনলাইন