হার্পারের বোমা
অভিমানে ডমিনিকা টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর একটি ভারতীয় টিভি চ্যানেলে বিবৃতি পাঠিয়েছিলেন। ড্যারিল হার্পার এবার বোমা ফাটালেন আরেকটি বিবৃতিতে। ইএসপিএন-ক্রিকইনফোতে পাঠানো বিবৃতিতে সদ্য অবসরে যাওয়া আম্পায়ার বলেছেন, আম্পায়ারিং নিয়ে সমালোচনা করায় শাস্তি হওয়া উচিত ছিল মহেন্দ্র সিং ধোনির। ভারতীয় অধিনায়ক নাকি তাঁকে ভয় দেখানোরও চেষ্টা করেছেন। হার্পারের বেশি ক্ষোভ অবশ্য আইসিসির অক্ষমতায়। তাঁর মতে, ধোনির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে, আইসিসির কাছে একেক দলের জন্য একেক নিয়ম। ওয়েবসাইট।হার্পার সরে দাঁড়ানোর পর ধোনির মন্তব্যকে ‘অন্যায্য’ বলেছিলেন আইসিসির মহাব্যবস্থাপক ডেভিড রিচার্ডসন। এ ছাড়া আইসিসি আর কোনো ব্যবস্থাই নেয়নি। ভারতীয় মিডিয়াতে আবার সমানে হার্পারের সমালোচনা চলছে। সব মিলিয়েই নাকি মুখ খুলতে বাধ্য হয়েছেন হার্পার, ‘কালকেই পড়লাম আমি নাকি ওই ম্যাচে নয়টি ভুল সিদ্ধান্ত নিয়েছি, অথচ ডিআরএস থাকলে আমার একটা মাত্র সিদ্ধান্ত পাল্টে যেত। এ জন্যই আমার মনে হলো, কারও না-কারও মুখ খোলা উচিত, কারণ দুর্ভাগ্যজনকভাবে আইসিসি এটা করছে না।’