হার্লিকে বিয়ে করতে রাজি হননি ওয়ার্ন!

আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। কিন্তু কেন? নানা রকম তত্ত্বই শোনা যাচ্ছে। তবে আসল খবর নাকি অন্যখানে। শেন ওয়ার্নকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন লিজ হার্লি। কিন্তু ওয়ার্ন আবারও বেলতলায় যেতে রাজি হননি। এ থেকেই মন কষাকষি। যার সর্বশেষ পরিণতি বিচ্ছেদ!
বিয়ের জন্য হার্লির তাড়া থাকতেই পারে। ৪৮ বছর বয়স চলছে এই ব্রিটিশ অভিনেত্রীর। ওয়ার্নেরও বয়স মেঘে মেঘে কম হলো না। হার্লির চেয়ে অবশ্য তিনি বছর চারেকের ছোট। এখনই সংসার শুরু না করলে কখন? টিনএজ রোমান্সে গা ভাসানোর সময়ও তো তাঁদের নেই। সবচেয়ে বড় কথা, ওয়ার্ন-হার্লির বাগদান হয়েছে দুই বছর হয়ে গেল। সম্পর্কটাকে পরের ধাপে নিয়ে যাওয়ার এই তো সময়।
কিন্তু ওয়ার্ন নাকি বিয়েতে রাজি নন। এখন যেভাবে সম্পর্কটা চলছে, সেভাবেই চলার পক্ষে ছিলেন। এখান থেকেই দুজনের মতবিরোধ শুরু বলে ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’কে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র, ‘হার্লি বিয়ের তারিখ ঠিক করার জন্য তাড়া দিচ্ছিল। কিন্তু ওয়ার্ন এখন যেভাবে চলছে, সেভাবেই চলার পক্ষে ছিল। ফলে ক্ষিপ্ত হয়ে হার্লি সবকিছুর ইতি টেনে দেয়। হার্লি এই প্রশ্নও তুলেছে, তাঁকে বিয়ে করার ইচ্ছা আদৌ ওয়ার্নের আছে কি না।’
ওয়ার্নকে ভালোবেসেই তখনকার স্বামী অরুণ নায়ারের সঙ্গে বিয়েবিচ্ছেদ করেছিলেন হার্লি। ওয়ার্নকে নিয়ে দেখেছিলেন সুখের স্বপ্নও। কিন্তু এক ফুঁত্কারে সেই স্বপ্নের প্রদীপটা যেন নিভে গেল। সব মিলিয়ে হার্লি তাই ভীষণ হতাশ বলেও জানিয়েছে সেই সূত্রটি, ‘ও খুবই ভেঙে পড়েছে। ওদের অনেক, অনেক বড় সব পরিকল্পনা ছিল। ও ভেবেছিল, ওয়ার্নই তার স্বপ্নের পুরুষ। ওয়ার্ন একটা তারিখ ঠিক করে ফেললে অনায়াসেই এই সম্পর্কটা বাঁচানো যেত।’