
গতিময় ফুটবল খেলার তকমা আগে থেকেই রয়েছে ঘানার। গতি দিয়েই গত পরশু তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিদের আত্মা কাঁপিয়ে দিয়েছিল আফ্রিকার এই দলটি। ম্যাচের ৭১ মিনিটে মিরোস্লোভ ক্লোসার রেকর্ড-ছোঁয়া গোলটি না হলে ফলাফল হতে পারত অন্য কিছু। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র। আরও দুটি মহাগুরুত্বপূর্ণ পয়েন্ট পেতে পেতেও না পাওয়ায় ঘানার বিশ্বকাপ সমীকরণ কঠিন হয়ে গেছে। তবে হাল ছাড়ছেন না কেভিন প্রিন্স বোয়াটেং, ‘আমরা ম্যাচটা জেতার জন্যই খেলেছিলাম, শেষ পর্যন্ত পেলাম ১ পয়েন্ট। তবে সবকিছু এখনই শেষ হয়ে যায়নি। এখনো সুযোগ আছে। পরের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করছি।’
জয় না পেয়েও নিজেদের পারফরম্যান্সে খুশি ঘানাইয়ান এই তারকা, ‘আমি অনেক খুশি। অনেক অনেক ভালো একটি ম্যাচ হলো। দুটি ভালো দলের মধ্যে ভালো ফুটবল উপভোগ করলাম। ১ পয়েন্ট পেয়ে আমরা সন্তুষ্ট হতে পারি, জার্মানরাও। এটাই বিশ্বকাপ, ভালো খেলা আর আক্রমণাত্মক ফুটবল। এটি সত্যিই অসাধারণ ম্যাচ ছিল।’
নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো কিছু করতে পারেনি ঘানা। দুই ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ১ পয়েন্ট। তবু জার্মানির মতো দলের সঙ্গে শিষ্যদের দৃষ্টিনন্দন খেলায় তৃপ্ত কোচ কোয়েসি আপিয়া, ‘ভালো একটি ম্যাচ ছিল। এই বিশ্বকাপে জার্মানি অন্যতম সেরা দল। আমরা নিজেদের উজাড় করে দিয়েই খেলেছি। ম্যাচে অনেক সুযোগ এসেছিল। কিন্তু বড় দলের বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে সেগুলো কাজে লাগাতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গেও একই ভুল করেছিলাম, যদিও সেটি এখন অতীত। খেলোয়াড়দের ওপর আস্থা সব সময়ই থাকে। কারণ ওরা শেষ পর্যন্ত লড়ে যায়।’
শিষ্যদের ওপর বিশ্বাস রেখেই পর্তুগালের সঙ্গে জয়ের আশা করছেন আপিয়া, ‘আমি ওদের ওপর বিশ্বাস রাখছি ওরা জিততে পারবে।’ তবে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা এখনো ছাড়ছেন না তিনি, ‘দ্বিতীয় রাউন্ডে ওঠা সহজ হবে না। আমরা এখন পর্যন্ত মাত্র ১ পয়েন্ট পেয়েছি। হাতে এখনো এক ম্যাচ আছে। দ্বিতীয় রাউন্ডে ওঠা কঠিন, তবে অসম্ভব কিছু না।’ ওয়েবসাইট।