হাল ছাড়ছে না বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাই বলে রিয়াল কি জোর দিয়ে বলতে পারছে ‘আমরাই শিরোপা জিতব?’ লিওনেল মেসি যে রিয়ালকে সতর্ক করে দিচ্ছেন, লিগের দ্বিতীয়ার্ধটা মাত্রই শুরু, এখনো বাকি আছে অনেক খেলা!গত শনিবার জারাগোজার বিপক্ষে রিয়াল ৩-১ গোলে জিতলেও ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারায় বার্সেলোনা। ফলে পাঁচ পয়েন্টের ব্যবধান বেড়ে এখন সাত। বার্সেলোনার টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের আশাটা শেষই হয়ে গেল কি না, জোরেশোরেই চলছে সেই আলোচনা। বার্সা কোচ পেপ গার্দিওলা অবশ্য এত সহজেই হাল ছাড়তে রাজি নন, ‘লিগে এখনো ১৮ ম্যাচ বাকি। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব।’মেসির কণ্ঠেও একই প্রতিধ্বনি—লিগে এখনো ১৮ ম্যাচ বাকি, শিরোপা ধরে রাখার পথে তাঁর দল লড়াই থেকে ছিটকে পড়েনি। বরং লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারবে বলেই আত্মবিশ্বাসী তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ‘এখনো অনেকটা পথ বাকি। আমরা লড়াইটা ধরে রাখব। সব টুর্নামেন্টই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সবগুলোই জেতার চেষ্টা করব আমরা। মৌসুমের দ্বিতীয়ার্ধ সবে শুরু হয়েছে। এখনো অনেক পয়েন্টের খেলা বাকি’—বার্সেলোনার ওয়েবসাইটে বলেছেন মেসি।দলের মূল খেলোয়াড়দের চোটের কারণেই ভিয়ারিয়ালকে হারাতে পারেনি বার্সা—এমন একটা কথা উঠেছে। ডেভিড ভিয়া, আন্দ্রে ইনিয়েস্তারা চোটের কারণে মাঠের বাইরে। কিন্তু মেসি চোট-সমস্যাকে মোটেও বড় করে দেখছেন না, ‘হাতে যে কজন খেলোয়াড় থাকে তা থেকেই দল গড়া হয় এবং এটা নিয়েই আমাদের সামনে এগোতে হবে। মাঝেমধ্যে আমাদের নিজেদের খেলাটা কঠিন হয়ে পড়ছিল। আমরা বিশেষ করে, গোলেই শট নিতে পারছিলাম না। ভাগ্যের ছোঁয়াও দরকার ছিল আমাদের।’শুধু ভাগ্যের ব্যাপারটাই নয়, মেসি রেফারিরও সমালোচনা করেছেন। আর এ ক্ষেত্রে তিনি পাশে পেয়েছেন জাভি এবং গোলরক্ষক ভিক্টর ভালদেজকেও। মেসি ও জাভি—বার্সেলোনার দুই তারকারই অভিযোগ, স্পেনের শীর্ষ লিগের রেফারিং নিম্নমানের। রেফারিদের বিপক্ষে পক্ষপাতিত্বেরই অভিযোগ তাঁদের কণ্ঠে। দুজনেরই দাবি, ২০১১-১২ মৌসুমজুড়েই রেফারিরা তাঁদের দলের সঙ্গে অন্যায় আচরণ করছেন! মেসির কথা, ‘মাঝেমধ্যে তাঁদের উদ্ধত মনে হয়। সামান্যতম প্ররোচনাতেই কার্ড দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন।’জাভির দাবি, ‘আমার মনে হয়, অন্য দলগুলোর চেয়ে আমরা বেশিই শাস্তি পাচ্ছি।’ ভালদেজের কথা, ‘মৌসুমজুড়েই আমাদের পরিষ্কার কিছু পেনাল্টি দেওয়া হয়নি।’ কার্লোস পুয়োল অবশ্য কোনো অজুহাত দাঁড় করাতে রাজি নন। তবে ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করায় তাঁর দল শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে, এটাও মানতে নারাজ বার্সা অধিনায়ক, ‘দল অবশ্যই জবাব দেবে, আমাদের আরও ভালো করতে হবে, আমাদের অবশ্যই জিতবে হবে। লা লিগা এখনো শেষ নয়। আমরা হাল ছাড়ব না।’ ওয়েবসাইট।