হাল ছাড়ছেন না তোরেস
খেলোয়াড়েরা একটু বাতিকগ্রস্ত থাকেন, জানা কথাই। ফার্নান্দো তোরেসও ব্যতিক্রম নন। চুল বড় রেখে গোল পাচ্ছিলেন বলে অনেক দিন চুল কাটেননি। চুল ছেঁটে ফেলার বেশ পরে আবার নিজেকে একটু ফিরে পেয়েছেন। এতে মনে হয় তোরেসকে আরও বেশ কিছু দিন এই রূপেই দেখা যাবে। দুদিন আগে ইউরোপা লিগে রুবিন কাজানের বিপক্ষে ম্যাচেই দেখা গেছে অন্য এক তোরেসকে। কালো মুখোশ পরে নেমেছিলেন মাঠে। না, নতুন কোনো ফ্যাশন নয়, দুই সপ্তাহ আগে ইউরোপা লিগের ম্যাচে নাক ভেঙে যাওয়াতেই এই মুখোশ পরেন। মুখোশটাই কি তাঁকে জাদুমন্ত্রে পাল্টে দিল? দুর্দান্ত খেলে করলেন জোড়া গোল। দলকে নিয়ে গেলেন আরেকটি শিরোপার কাছাকাছি। অথচ লিভারপুল থেকে যে প্রত্যাশা নিয়ে চেলসিতে এসেছিলেন, সেটা মেটাতে পেরেছেন কমই। ৫ কোটি ইউরোয় তাঁকে কিনে চেলসি কতটা লাভ করল, সেটা নিয়ে তর্ক হতেই পারে। শুরুর দিকে রীতিমতো দুঃস্বপ্নের একটা সময় গেছে। এখন অবশ্য একটু-আধটু পুরোনো ঝলক দেখাতে পারছেন, কিন্তু সেটি অনিয়মিত। জানুয়ারিতে দলে আসা স্ট্রাইকার ডেম্বা বার কারণে প্রথম একাদশে জায়গা পেতেও লড়াই করতে হচ্ছে। এই মৌসুমে অবশ্য চেলসির জার্সি গায়ে ১৮ গোল করেছেন, কিন্তু সেটাও এখন আর যথেষ্ট প্রমাণিত হচ্ছে না। তোরেস নিজেও বেরোতে চান অধারাবাহিকতার বৃত্ত থেকে। ডেইলি মেইলকে বলেছেন আবার ফিরতে চান গোলের ধারায়, ‘আমি অ্যাটলেটিকো মাদ্রিদে এটা (গোল) করেছিলাম, লিভারপুলে করেছিলাম। এখন চেলসির হয়ে করছি। আমি এটা নিয়ে কাজ করছি।’আজই সান্ডারল্যান্ডের মুখোমুখি চেলসি। এএফপি, ওয়েবসাইট।