হাল ছাড়ছেন না লক্ষ্মণ
তাঁর শেষ দেখে ফেলেছেন অনেকেই। তবে দেখছেন না তিনি নিজে। চারদিকে জোর গুজব, অ্যাডিলেড টেস্টই হতে যাচ্ছে ভিভিএস লক্ষ্মণের শেষ টেস্ট। তবে এসবকে ঠিক পাত্তা দিচ্ছেন না লক্ষ্মণ। বরং আরও বেশি পরিশ্রম করছেন নেটে। কোচ ডানকান ফ্লেচারের সঙ্গে মিলে কাজ করছেন টেকনিক্যাল খুঁতগুলো ঠিক করতে।লক্ষ্মণের কাছ থেকে সরাসরি কিছু অবশ্য এখনো শোনা যায়নি। তবে ‘দ্য এজ’-এর খবর, পরশু ভারতের অনুশীলন সেশন শেষে ভারতের এক টেলিভিশন সাংবাদিকের প্রশ্নের জবাবে লক্ষ্মণ নাকি অবসর-সংক্রান্ত খবরকে উড়িয়ে দিয়েছেন। চলতি সিরিজে মাত্র ১৭ গড়ে ১০২ রান করেছেন ‘ভেরি ভেরি স্পেশাল’, ফিল্ডিংয়ের মানও কমছে দিন দিন। সঙ্গে যোগ হয়েছে পিঠের চোট নিয়ে অস্বস্তি। তবে লক্ষ্মণ হাল ছাড়ছেন না। গত কয়েক দিন অনেকটা সময় কাটিয়েছেন কোচ ফ্লেচারের সঙ্গে। বর্ণাঢ্য এক ক্যারিয়ারের শেষটা হতাশাজনক হোক, এটা নিশ্চয়ই চাইছেন না ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। ওয়েবসাইট।