হাল ছাড়েননি মরিনহো

ফেভারিটের তকমাটা গায়ে চড়াতে চাননি হোসে মরিনহো। পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে থাকলেও বারবার উড়িয়ে দিয়েছিলেন চেলসির শিরোপা জয়ের সম্ভাবনা। ম্যানচেস্টার সিটি বা লিভারপুলকেই বসিয়েছিলেন ফেভারিটের আসনে। তবে মৌসুমের শেষপর্যায়ে এসে যেন দেখা যাচ্ছে নতুন মরিনহোকে। শিরোপা জয়ের জন্য যেন নতুনভাবে উজ্জীবিত হয়েছেন ‘স্পেশাল ওয়ান’। শিরোপা জয়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বানই জানিয়েছেন শিষ্যদের প্রতি।
নিচের সারির ক্লাব ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলের হারের পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন মরিনহো। চেলসির কোনো সম্ভাবনাই নেই বলে ঘোষণা দিয়েছিলেন। আকস্মিক এই হারের ধাক্কা কাটতে না-কাটতে চ্যাম্পিয়নস লিগেও হারের মুখ দেখেছে ব্লুরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে হেরেছে ৩-১ গোলে। টানা দুটি হারের ব্যর্থতাই যেন মরিয়া করে তুলেছে মরিনহোকে। শুধু প্রিমিয়ার লিগই নয়, চ্যাম্পিয়নস লিগেও ঘুরে দাঁড়ানোর আশা করছেন পর্তুগিজ এই কোচ। বেশ জেদের সঙ্গেই বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ এখনো শেষ হয়নি। অনেক কিছু বাকি আছে। কোনো সমর্থক যদি মনে করে যে এখন আর কিছু সম্ভব না, তাহলে তার টিভির সামনে বসে রিয়াল মাদ্রিদ আর ডর্টমুন্ডের খেলা দেখাই ভালো। প্রিমিয়ার লিগের ক্ষেত্রে, আমাদের এখনো ছয়টা ম্যাচ বাকি আছে। আর এই মুহূর্তে আমরা যদি এই ম্যাচগুলো জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা না করি, তাহলে আমরা ভালো পেশাদার না। কেউ আমাকে বা আমার খেলোয়াড়দের নিয়ে এমন কিছু বললে আমি কিছুতেই সেটা মেনে নেব না। কাজেই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।’
প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। সমানসংখ্যক ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানে আছে চেলসি ও লিভারপুলের চেয়ে দুটি ম্যাচ কম খেলে। ৩০ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। পরবর্তী দুটি ম্যাচ জিততে পারলেই শীর্ষে উঠে যাবে ম্যানসিটি।— গার্ডিয়ান