সাত ম্যাচে দশ পয়েন্ট নেই। লিগে আর আশা দেখছেন?
‘আমি কোনো আশা দেখছি না। চ্যাম্পিয়ন হওয়া আর সম্ভব নয়। তিন-চার নম্বরে থাকার জন্যই এখন লড়তে হবে।’
মোহামেডানের পর কাল বিজেএমসির সঙ্গে টানা দ্বিতীয় ড্রয়ে (১-১) মারুফুল হকের কণ্ঠে একরাশ হতাশা। গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেল কোচ এবার যেন এক ভাঙা নৌকার কান্ডারি। ঝড় সামলে নৌকা তীরে ভিড়বে, এমন সম্ভাবনা দেখছেন না।
ফুটবলে বড় দল পয়েন্ট হারাতে থাকলেও একটা সময় পর্যন্ত হাল ধরে রাখেন কোচ। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামে কালকের মারুফুল যেন হাল ছেড়ে দেওয়া এক নাবিক, ‘গতবার খেলোয়াড়েরাই সব শিরোপা এনে দিয়েছিল। আমার কোনো কৃতিত্ব ছিল না। এবারও খেলোয়াড়দের ওপর সব নির্ভর করছে। এবারের নতুন খেলোয়াড়েরা সুযোগ কাজে লাগাতে পারছে না বলেই দলের এই অবস্থা।’
সাত ম্যাচে দুই ড্রয়ের সঙ্গে দুই হার। দলে ‘ফিনিশার’ নেই। গত মৌসুমে লিগ, ফেডকাপ ও স্বাধীনতা কাপ জয়ে হাইতিয়ান খেলোয়াড় সনি নর্দে ছিলেন বড় ভরসা। এই মৌসুমে নর্দে নেই, দলকে টেনে নেওয়ারও যেন কেউ নেই। কর্তারাও মনে হচ্ছে উদ্যম হারিয়ে ফেলেছেন। কদিন আগে নর্দের স্বদেশি ফরোয়ার্ড প্যাসকালকে এনেও তাঁর সঙ্গে চুক্তি করা হয়নি।
শেষ পাঁচ ম্যাচে শেখ রাসেল পেয়েছে মাত্র পাঁচ পয়েন্ট। মোহামেডানের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত বিতর্কিত গোলে ড্র। কাল পিছিয়ে পড়ায় হারের চোখরাঙানি ছিল, সেটি এড়ানো গেছে গোল করতে ভুলে যাওয়া বদলি ফরোয়ার্ড রবিনের কল্যাণে।
ভুল অফসাইড ফাঁদ তৈরি করে ৭১ মিনিটে রবিনকে গোলের রাস্তা বের করে দেন বিজেএমসির ডিফেন্ডাররা। গোলরক্ষককে একা পেয়ে প্লেসিং শটে নিজের দীর্ঘ গোলখরা দূর করলেন এই স্ট্রাইকার (১-১)। সর্বশেষ যিনি গোল করেছিলেন ২০১২ সালের ৫ অক্টোবর।
বিজেএমসি তুলনামূলক আগের ম্যাচগুলোর চেয়ে এদিন গুছিয়ে খেলেছে। ৪৯ মিনিটে রাসেলের গোলরক্ষক বিপ্লবকে ২০ গজী নিখুঁত শটে পরাস্ত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু। এগিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে না পারাটা বিজেএমসির নিজেদেরই ভুলের মাশুল।
তবু ৬ ম্যাচে সাত পয়েন্ট—মাঠের বাইরের সংকট কাটিয়ে এটিকে আশার আলো হিসেবেই দেখছেন বিজেএমসি কোচ আলী আসগর!