হালে বেহাল চেলসি
একটা দল পয়েন্ট তালিকার শীর্ষে। অন্য দলটি হন্যে হয়ে খুঁজছে অবলম্বন অঞ্চল থেকে বেরোনোর পথ। শীর্ষে থাকা সেই চেলসি পরশু হোঁচট খেল ১৯ নম্বরে থাকা হাল সিটির কাছে। ১-১ গোলে ড্র করায় দুটো পয়েন্টই শুধু হাতছাড়া হয়নি, নাছোড়ের মতো পিছু লেগে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমে এসেছে দুইয়ে। ২৪ ম্যাচে চেলসির পয়েন্ট ৫৫, ম্যানইউয়ের ৫৩। হাল সিটিরও লাভ হয়নি খুব একটা। ১৯ থেকে ১৮-তে উঠে এলেও এখনো অবনমন অঞ্চলেই তারা।নিজেদের মাঠে ৩০ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল হাল সিটিই। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে দিদিয়ের দ্রগবা ফেরান সমতা। আফ্রিকান নেশনস কাপ থেকে ফেরাটা লিগে ১৫ আর সব মিলে মৌসুমে কুড়িতম গোল করেই উদ্যাপন করলেন এই আইভরিয়ান স্ট্রাইকার।স্টামফোর্ড ব্রিজে চেলসি আসলে বাঘ। কিন্তু অ্যাওয়ে ম্যাচগুলোতে প্রায়ই হোঁচট খেতে হচ্ছে তাদের। এ মৌসুমে তাদের তিনটি পরাজয়ের প্রতিটিই অন্যের মাঠে। সর্বশেষ তিনটি ড্রও অ্যাওয়ে ম্যাচেই। শেষ কয়েক মিনিট গোলের জন্য মরিয়া চেষ্টা করলেও সেই অ্যাওয়ে দুর্দশা কাটাতে পারেনি চেলসি। হালের মতো একটা দলের সঙ্গে খেলতে গিয়ে হালভাঙা নাবিকের দশা চেলসি সমর্থকেরা মানতে পারছে না কিছুতেই। ক্লাব অধিনায়ক জন টেরির বিপক্ষে চাপা ক্ষোভ তাই ফুঁসে ওঠার আভাস। আগের ম্যাচে জয়সূচক গোল করে তাও টেরি ধামাচাপা দিতে পেরেছিলেন ইংল্যান্ড দলে তাঁর এক সতীর্থের প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জনকে।জাতীয় দলে তাঁকে অধিনায়ক রাখা হবে কি না—সেটি নির্ধারণ করতেই কোচ ফ্যাবিও ক্যাপেলো কয়েক দিনের মধ্যে তাঁর সঙ্গে বসবেন। এএফপি।