হালের টেনিস নিয়ে সাম্প্রাসের 'দুঃখ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ সময়ের টেনিসে সৌন্দর্য খুঁজে পান না পিট সাম্প্রাস।
এ সময়ের টেনিসে সৌন্দর্য খুঁজে পান না পিট সাম্প্রাস।

একসময় তিনিই ছিলেন টেনিসের ‘সম্রাট’। রজার ফেদেরারের আগে ছিলেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক। এই সময়ের টেনিস নাকি সাম্প্রাসকে একেবারেই টানে না। ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী সাম্প্রাস যারপরনাই হতাশ আজকের দিনের ‘রক্ষণাত্মক’ টেনিসে। বুক চেরা দীর্ঘশ্বাস নিয়েই সাম্প্রাস উগরেছেন হালের টেনিসের ব্যাপারে তাঁর যত ক্ষোভ। যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তির মতে, বর্তমান সময়ে টেনিসের মূল সৌন্দর্যটা আর খুঁজে পাওয়া যায় না। এখনকার খেলার ধরনকে তিনি তুলনা করলেন ‘একে অপরের দিকে পাথর ছোড়া’র সঙ্গে!
২০০২ সালে ইউএস ওপেন জিতে অবসর নেওয়া সাম্প্রাস বলেন, ‘গত ১০ বছরে খেলায় অবশ্যই পরিবর্তন হয়েছে। সার্ভ এবং ভলি এখন টেনিসের বিলুপ্ত সৌন্দর্য। সত্যি কেউ এগুলো করে না। সবাই রক্ষণাত্মক হয়ে গেছে, যা দেখতে হাস্যকর। এখনকার সময়ের উইম্বলডন দেখুন, এটি একমাত্রিক হয়ে গেছে। শুধু প্রযুক্তির প্রভাব। সম্ভবত সবাই প্রযুক্তির মধ্য দিয়ে বেড়ে উঠেছে বলে এর প্রভাব খেলায়ও পড়ছে। তারা ভলি-সার্ভ করে না, কেননা এসব আয়ত্ত করতে সময় লাগে। রাতারাতি হয় না।’
চকিতে সাম্প্রাসের স্মৃতির পর্দায় ভেসে ওঠে তাঁর সময়ের বরিস বেকার, স্টেফান এডবার্গ ও গোরান ইভানিসেভিচের মতো কিংবদন্তির কথা। তাঁরা সবাই সার্ভ কিংবা ভলিতে ছিলেন সিদ্ধহস্ত। এ প্রজন্মের টেনিস তারকাদের নিয়ে সাম্প্রাসের মূল্যায়ন, ‘এখন সবাই একইভাবে খেলে। মাত্র চার কিংবা পাঁচজন অন্যদের তুলনায় অনেক ভালো। রজার ফেদেরারের মধ্যে কিছুটা বৈচিত্র্য রয়েছে। বাকিদের অধিকাংশই রক্ষণাত্মক, স্রেফ পাথর ছোড়ে।’
প্রশ্ন করা হয়েছিল, এখন যদি খেলতেন তবে কি সার্ভ-ভলি করতেন? মার্কিন টেনিস কিংবদন্তির সাফ জবাব, ‘হ্যাঁ, কেন করব না? উভয় সার্ভে দুটোই করতাম। এসব কীভাবে খেলতে হয়, তা ভালোভাবেই আমার জানা রয়েছে।’