হাসপাতাল ছাড়লেন রাইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাইস্টচার্চের হাসপাতাল ছেড়েছেন জেসি রাইডার। চিকিত্সা শেষে নিজ শহর ওয়েলিংটনে ফিরে গেছেন নিউজিল্যান্ডের তারকা এই ব্যাটসম্যান।রাইডারের ম্যানেজার অ্যারন ক্লি আজ বুধবার ক্রিকইনফোকে বলেন, ‘দুপুরের পর হাসপাতাল থেকে ছাড়া পান রাইডার। তিনি ওয়েলিংটনে ফিরে গেছেন। এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।’ ক্লি জানান, ‘রাইডার এখনো ক্লান্ত। তবে বাড়িতে ফিরতে পেরে তিনি খুশি।’গত বৃহস্পতিবার ভোরে ক্রাইস্টচার্চের একটি পানশালার সামনে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন রাইডার। হামলায় তাঁর মাথার খুলি ভেঙে যায় ও ফুসফুসে গুরুতর জখম হয়। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। রাইডার এখন কথা বলতে পারছেন। গুটি গুটি পায়ে হাঁটতেও পারছেন। তবে হামলার সময়ের স্মৃতিটা এখনো ফিরে পাননি তিনি। হামলা সম্পর্কে কিছুই মনে নেই তাঁর।জ্ঞান ফেরার পরপরই ডাক্তাররা বুঝতে পারেন, ওই হামলা বা হামলার প্রেক্ষাপট মনে করতে পারছেন না রাইডার। ধারণা করা হচ্ছিল, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ফিরে আসবে স্মৃতি। কিন্তু সেটার কোনো লক্ষণই এখন পর্যন্ত নেই।রাইডারের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তাঁরা জামিনে আছেন। আগামীকাল বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির হওয়া কথা রয়েছে।মদ্যপান ও পানশালাসংক্রান্ত বেশ কয়েকটি ঘটনায় গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা-অবসর নেন জেসি রাইডার। ঘরোয়া ক্রিকেট অবশ্য খেলে যাচ্ছিলেন তিনি। এবারের আইপিএল আসরেও অংশ নেওয়া কথা ছিল তাঁর।