হাসপাতাল ছাড়লেন যুবরাজ
যুক্তরাষ্ট্রের হাসপাতাল থেকে রোববার ছাড়া পেয়েছেন যুবরাজ সিং। ভারতীয় এই অলরাউন্ডারই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে জানিয়েছেন খবরটা, ‘কেমোথেরাপির তৃতীয় পর্যায়টা শেষ হয়েছে এবং আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। আমি এখন মুক্ত। শুরু হলো ক্যানসার থেকে মুক্তির লড়াই। বাড়ি ফেরার জন্য আমার তর সইছে না।’ফুসফুসের মাঝখানে ক্যানসার নিয়ে গত মাসে বোস্টনের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের গত বিশ্বকাপ জয়ের নায়ক। তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ার পর ভারতে চলছে প্রার্থনা। আরোগ্য কামনা করে তাঁকে সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংও। দুঃসময়ে পাশে থাকার জন্য ভক্তদের শুভেচ্চ্ছা জানিয়ে যুবরাজও করেছেন টুইট, ‘যারা আমাকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছে, তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। আমি নিশ্চিত, থেরাপির পাশাপাশি তাদের ভালোবাসাও কাজে লেগেছে।’আগামী মে মাসে যুবরাজ মাঠে ফিরতে পারেন বলে আশা চিকিৎসকদের। মাঠে না থাকলেও মাঠের সব খবরাখবরই রাখেন গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ঢাকায় শততম আন্তর্জাতিক সেঞ্চুরি পাওয়ায় শচীন টেন্ডুলকারকে শুভেচ্ছাও জানিয়েছেন। টেন্ডুলকারের অর্জন কারও পক্ষে ছোঁয়া সম্ভব নয় জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘তার প্রজন্মের সত্যিকারের “মাস্টার” সে।’ ওয়েবসাইট।