হাসপাতাল থেকে ছাড়া পেলেন আবিদাল
মৃত্যুর সঙ্গেই এক অর্থে লড়াই করে যাচ্ছেন বার্সেলোনার ডিফেন্ডার এরিক আবিদাল। মাঠে ফেরার স্বপ্নটাও মনে হচ্ছে অনেক দূরের। তবে আপাতত স্বস্তির খবর হচ্ছে, লিভার প্রতিস্থাপনের পর গতকাল সোমবার হাসপাতাল ছেড়েছেন তিনি। গত মাসে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর লিভার প্রতিস্থাপন করা হয়। এক মাসের বেশি সময় হাসপাতালে থাকার পর তিনি বাড়ি ফিরলেন। তবে বাড়ি ফিরলেও আগামী বেশ কিছুদিন চিকিত্সকদের নিবিড় তত্ত্বাবধানে থাকতে হবে তাঁকে। কিছুদিন পরপর হাসপাতালে গিয়েও প্রতিস্থাপিত অঙ্গের বিভিন্ন পরিচর্যা চালিয়ে যেতে হবে তাঁকে।তাঁর ক্লাব বার্সেলোনা আবিদালের শারীরিক অবস্থা সম্পর্কে নিজেদের ওয়েবসাইটে একটা বিবৃতি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ‘পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য আবিদালকে একটা নির্দিষ্ট ধরনের চিকিত্সার মধ্য দিয়ে যেতে হবে। তাঁকে নিয়মিত হাসপাতালে গিয়ে প্রতিস্থাপিত অঙ্গের পরিচর্যাও করাতে হবে।’৩২ বছর বয়সী এই ফরাসি খেলোয়াড়ের লিভারে সমস্যা ধরা পড়ে গেল বছরই। গত বছরের মার্চ মাসে এক অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর লিভারের টিউমার অপসারণ করা হয়। এর দুই মাস পরেই তিনি মাঠে ফিরেছিলেন। তবে এবার তিনি কবে মাঠে ফিরবেন, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।আগামী শুক্রবার বার্সেলোনা এই মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে। কিংস কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো বিলবাও। মাদ্রিদের ক্যালডেরোনে অনুষ্ঠেয় এই ম্যাচটির মাধ্যমেই বার্সেলোনাকে বিদায় জানাবেন ইতিমধ্যেই কিংবদন্তি হয়ে ওঠা কোচ পেপ গার্দিওলা। রয়টার্স।