হাসপাতাল থেকে ছাড়া পেলেন যুবরাজ
ক্যানসারের সঙ্গে লড়াইটা চলবেই; কিন্তু আপাতত যুবরাজের ভক্তদের জন্য সুখবর হচ্ছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বোস্টনে চিকিত্সাধীন যুবরাজ সিংয়ের সর্বশেষ কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। কেমোথেরাপি শেষ হওয়ার পরপরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।যুবরাজ সিং সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে লিখেছেন, ‘আমার সর্বশেষ কেমোথেরাপি দেওয়া শেষ হয়েছে। হাসপাতাল থেকেও ছাড়া পেয়েছি। আমি এখন মুক্ত। দেশে ফেরার আর তর সইছে না।’ যুবরাজ আরও লিখেছেন, ‘ক্যানসার থেকে মুক্তির লড়াইটা শুরু হলো।’ টুইটার বার্তায় এই দুঃসময়ে তাঁর সমব্যথী হওয়ায় সবাইকে শুভেচ্ছাও জানিয়েছেন যুবরাজ সিং।টুইটারে শততম আন্তর্জাতিক সেঞ্চুরি করায় শচীন টেন্ডুলকারকে অভিনন্দন জানিয়ে যুবরাজ লিখেছেন, ‘শচীনের এই অর্জনে সত্যিই আবেগাপ্লুত। সে যা অর্জন করেছে, তার তুলনা নেই। আসলেই এই অর্জন কারও পক্ষে সম্ভব নয়।’উল্লেখ্য, এক মাস ধরে বোস্টনের হাসপাতালে ক্যানসারের চিকিত্সা নিচ্ছেন যুবরাজ সিং। সামনের মে মাসের মধ্যে মাঠে ফিরে আসার ব্যাপারেও তিনি দৃঢ়প্রতিজ্ঞ। গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপে তাঁর খেলায় ভর করেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল ভারত। বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারটিও নিজের করে নিয়েছিলেন যুবরাজ।