হাসপাতালে জাগালো

বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে ব্রাজিল৷ এর মধ্যেই ব্রাজিলিয়ানরা পেল এক দুঃসংবাদ৷ মারিও জাগালো হাসপাতালে৷ মেরুদণ্ডের সংক্রমণের ফলে পরশু হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷
ব্রাজিল ফুটবল ইতিহাসের বড় একটা অংশজুড়ে আছেন এই জাগালো৷ খেলোয়াড় হিসেবে ব্রাজিলকে দুবার জিতিয়েছেন বিশ্বকাপ (১৯৫৮ ও ১৯৬২ সালে)। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয় বিশ্বকাপ শিরোপাও ঘরে তোলে জাগালোর হাত ধরেই৷ এবার কোচের ভূমিকায়৷ মেক্সিকোতে বিশ্বকাপ জিতে জাগালো গড়েন খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের প্রথম কীর্তি৷ পরে যে কীর্তিতে ভাগ বসিয়েছেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার৷ এর পর আরও দুবার কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপে নিয়ে গেছেন জাগালো৷ ১৯৭৪ বিশ্বকাপে জাগালোর ব্রাজিল হয়েছিল চতুর্থ, ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে রানার্সআপ। ১৯৯৪ বিশ্বকাপেও ছিলেন দলের সঙ্গী। সেবার শিরোপা জয়ের পথে জাগালোর ভূমিকা ছিল সহকারী কোচের৷
তা ছাড়া জাগালোর নাম জড়িয়ে আছে এবারের বিশ্বকাপের সঙ্গেও। রোনালদো-বেবেতোদের সঙ্গে তিনিও নিজেদের দেশের বিশ্বকাপের অন্যতম শুভেচ্ছাদূত। অথচ কী নিয়তি! বিশ্বকাপ রোমাঞ্চের এই সময়ে তাঁর ঠাঁই হলো হাসপাতালে। তাঁর ছেলে মারিও জাগালো জুনিয়র অবশ্য সবাইকে আশস্ত করেছেন, শঙ্কার তেমন কিছু নেই। বয়স হয়ে গেছে ৮২। এ অবস্থায় বাড়িতে পরীক্ষা-নিরীক্ষা করাটা সম্ভব হচ্ছিল না বলেই হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাগালো জুনিয়র, ‘সবকিছুই নিয়ন্ত্রণের মধ্যে আছে। তবে তাঁর বয়সের কথা ভেবে অবশ্যই সতর্ক থাকতে হবে।’ জাগালো জুনিয়র জানিয়েছেন, তাঁর বাবা ২ জুন পর্যন্ত হাসপাতালে থাকবেন। এএফপি ও ওয়েবসাইট।