হাসপাতালে পৌঁছানোর আগেই না-ফেরার দেশে

না-ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ মুক্তিযোদ্ধা আবদুল হাদী রতন। পরশু সন্ধ্যায় পিরোজপুরের কাউখালীতে নিজবাড়িতে অসুস্থ হয়ে পড়লে ঢাকা আনার পথে গতকাল (বুধবার) ভোররাতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬১, তিনি দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কিডনি-জটিলতার কারণে মিরপুরের ন্যাশনাল কিডনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক বাঁহাতি এ পেসার। সেই অসুখ থেকে আর সেরে ওঠা হলো না। স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আবদুল হাদী। গতকাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজা শেষে পিরোজপুরে নিজবাড়িতে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় দাফনের জন্য।
অস্ত্র হাতে ১৯৭১ সালে যুদ্ধ করেছেন দেশের জন্য। স্বাধীনতার পরে ক্রীড়াক্ষেত্রেও ছিল আবদুল হাদীর দাপুটে পদচারণ। খেলোয়াড়ি জীবনে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে রূপালী ব্যাংক দলে নিয়মিত খেলেছেন, ক্যারিয়ার শেষ করেছেন সাধারণ বীমায়। এর পর সাধারণ বীমা, মোহামেডান ও ব্রাদার্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ এবং ১৯৯৯ সালে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বিসিবির গেম ডেভেলপমেন্ট কোচ হিসেবে অনূর্ধ্ব-১৮ দল পরিচর্যার কাজ করেছেন তিনি।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), ক্রিকেটারদের সংস্থা কোয়াব, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)।