হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহর দুর্ভাগ্য! দেশের হয়ে সর্বশেষ ১১টি ওয়ানডেতে খেলেছেন, খেলেছেন জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টটিও। অথচ খেলতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশুর টি-টোয়েন্টি ম্যাচটিই! সহ-অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচেই খেলতে না-পারা দুর্ভাগ্য নয় তো কী? মাহমুদউল্লাহ সর্বশেষ দলের বাইরে ছিলেন গত বিশ্বকাপে এবং সেটা এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচেই।শুধু টি-টোয়েন্টি ম্যাচেই নয়, ভাইরাস জ্বরে আক্রান্ত মাহমুদউল্লাহকে রাখা হয়নি আজ শুরু তিন ওয়ানডের দলেও। দল ঘোষণার সময় নির্বাচকেরা যদিও বলেছেন, মাহমুদউল্লাহ ‘আপাতত বাদ’, সুস্থ হয়ে উঠলে ওয়ানডে সিরিজে ফিরতে পারেন। তবে বাংলাদেশ দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক কাল একরকম নাকচই করে দিলেন সে সম্ভাবনা, ‘সপ্তাহ খানেক লেগে যেতে পারে ওর সুস্থ হতে। কাজেই ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা নেই। সুস্থ হলে টেস্টে হয়তো ফিরবে।’ ম্যানেজার অবশ্য জানিয়েছেন, মাহমুদউল্লাহর ব্যাপারে আরও নিশ্চিত করে বলা যাবে আজ রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর।তার আগে অবশ্য কাল বিকেলে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় দলের নতুন সহ-অধিনায়ককে। এমন গুজবও ছড়িয়ে পড়েছিল যে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী অবশ্য বলেছেন, কাল পর্যন্ত মাহমুদউল্লাহর জ্বরকে ডেঙ্গু বলার কোনো কারণ নেই, ‘এখন পর্যন্ত প্লাটিলেটের যে পরিমাণ তাতে এটাকে ডেঙ্গু মনে হচ্ছে না। তবে ডেঙ্গুর আরও কিছু লক্ষণ আছে, সেগুলো কাল (আজ) ব্লাড রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে।’ দেবাশিস চৌধুরীর কথা, মাহমুদউল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাড়তি সতর্কতার করণেই, ‘এ মুহূর্তে হাসপাতালে ভর্তি করার মতো খারাপ অবস্থা তাঁর নয়। সতর্কতার জন্যই এটা করা হয়েছে।’