হাসপাতালে মুশফিক

প্রথমে ভাবা হয়েছিল জন্ডিসজাতীয় কিছু। সে ক্ষেত্রে বেশ অনেক দিনই মাঠের বাইরে থাকতে হতো বিশ্রামে। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল গুরুতর কিছু নয়। তবে ৪৮ ঘণ্টা বিশ্রামের জন্য হাসপাতালেই রেখে দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। কাল রাতে কিংবা আজ সকালে আরও কিছু পরীক্ষার রিপোর্ট পাওয়ার কথা। সেগুলো ইতিবাচক হলে আজই ছেড়ে দেওয়া হতে পারে বাংলাদেশ অধিনায়ককে। তবে আজ শুরু হতে যাওয়া বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারছেন না বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক।
জ্বর জ্বর ভাব নিয়ে গত পরশু অ্যাপেলো হাসপাতালে পরীক্ষা করাতে যান মুশফিক। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, ভাইরাসজনিত যকৃতের প্রদাহে ভুগছেন। সতর্কতা হিসেবেই মূলত চিকিৎসক হাসপাতালে ভর্তি হতে বলেন অধিনায়ককে।
মুশফিকের বাবা মাহবুব হামিদ কাল বগুড়া থেকে ঢাকায় এসেছেন ছেলেকে দেখতে। মুঠোফোনে জানালেন, ‘এই গরমের মধ্যে নিয়মিত প্র্যাকটিস করছিল, অনেক ঘাম ঝরেছে। কিন্তু পরিমাণমতো পানি হয়তো পান করেনি। এ জন্যই এ অবস্থা হতে পারে ওর। তবে চিন্তার কিছু নেই। আজ (কাল) জ্বর নেই বললেই চলে। সবকিছু ঠিকঠাক থাকলে কাল (আজ) ছেড়ে দিতে পারে হাসপাতাল থেকে। তবে বিশ্রামে থাকতে হবে হয়তো কয়েক দিন।’ ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুশফিকের বাবা।
অসুস্থতা গুরুতর কিছু নয়, নিশ্চিত করলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও, ‘প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, সমস্যাটি ভাইরাল হেপাটাইটিসের, অর্থাৎ লিভারের একধরনের প্রদাহ। জ্বরটা এ কারণেই হয়েছে। তবে গুরুতর কিছু নয়। আজকে (কাল) তো অনেক ভালো আছে। শারীরিক দুর্বলতা অবশ্য আছে। এটা কাটিয়ে উঠতে কয়েক দিন সময় লাগবে।