হাসপাতালে মোহাম্মদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনামটাই চমকে দেওয়ার জন্য যথেষ্ট। আবার হাসপাতালে মোহাম্মদ আলী! গত অক্টোবরেই না নিবিড় পরিচর্যাকেন্দ্র থেকে ঘুরে এলেন ৭২ বছর বয়সী বক্সিং কিংবদন্তিকে! এবার তাঁকে ভর্তি হতে হয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। আশার কথা, এটি জটিল কিছু নয়। আলীর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র বব গানেল। খুব বেশি দিন হাসপাতালেও থাকতে হবে না। তবে সেটা কত দিনের জন্য তা নির্দিষ্ট করে বলেননি। বলেননি আলীর পারিবারিক গোপনীয়তাকে সম্মান করার আরজি জানিয়ে।
গত বছর একবার গুঞ্জন শোনা গিয়েছিল, পারকিনসন্স রোগ থেকে গুরুতর অসুস্থ হয়ে তিনি পৌঁছে গেছেন জীবন্মৃত্যুর সন্ধিক্ষণে। তবে তিনি নিজেই সুস্থ শরীরে গত সেপ্টেম্বরে প্রকাশ্যে এসে ওটাকে উড়িয়ে দেন গুঞ্জন বলেই। পারকিনসন্স রোগের সঙ্গে আলীর লড়াইটা অবশ্য অনেক পুরোনো, ৩০ বছর ধরে ভুগছেন এই রোগে। বক্সিং থেকে অবসরের তিন বছর পর ১৯৮৪ সালে পারকিনসন্স রোগ ধরা পড়ে কিংবদন্তি এই বক্সারের। এএফপি, বিবিসি।