হাসপাতালে লড়ছেন জুম্মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে জুম্মন লুসাই l প্রথম আলো
হাসপাতালে জুম্মন লুসাই l প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে উদ্বিগ্ন মুখে পায়চারি করছিলেন জুবেল লুসাই। জাতীয় দলের সাবেক হকি তারকা জুম্মন লুসাইয়ের ছোট ভাই থাকেন সিলেটে। ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে পরশু রাতেই অবরোধের মধ্যে অনেক কষ্টে ঢাকায় এসে পৌঁছেছেন। ভারতের মিজোরামে থাকা জুম্মনের স্ত্রী তখনো হাসপাতালে এসে পৌঁছাননি।
হাসপাতালের বারান্দায় করুণ মুখে বসে ছিলেন লুসাইয়ের বোন মারিয়ান চৌধুরী। আবাহনীর ক্লাব কর্মকর্তা, ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহসহ ক্রীড়াঙ্গনের অনেকে তাঁর খোঁজখবর নিতে এসেছেন। সবার একটাই চাওয়া, আবারও যেন সুস্থ হয়ে ফিরে আসেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হকি খেলোয়াড়। যদিও কর্তব্যরত চিকিৎসক হারুনুর রশীদ আশার আলো তেমন দেখছেন না, ‘অবস্থা ততটা ভালো নয়। একই সঙ্গে কিডনি, মস্তিষ্ক ও লিভারে সমস্যা দেখা দিয়েছে। তবে তাঁকে সারিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টাই করছি আমরা।’ পরিবার-পরিজন ছেড়ে আবাহনী ক্লাবেই থাকেন জুম্মন। শরীরের যত্ন না নেওয়ার জন্যই এমন অবস্থা হয়েছে বলে মত চিকিৎসকের।
একসময় খেলার মাঠে দুর্দান্ত জুম্মনের সামনে তটস্থ থাকতেন প্রতিপক্ষের খেলোয়াড়েরা। কিন্তু সেই তাঁকেই এখন লড়তে হচ্ছে মৃত্যুর সঙ্গে। নাকে-মুখে লাগানো জীবনরক্ষাকারী সব যন্ত্র। ডায়ালাইসিসেরও পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে টিউমারের অস্ত্রোপচার করিয়েছিলেন জুম্মন লুসাই। এরপর বিজয় দিবস হকিতে অনেকটা জোর করেই সাবেক খেলোয়াড়দের প্রীতি ম্যাচে খেলেছিলেন। ওই সময়ই খানিকটা অসুস্থতা বোধ করেন। তবে পরশু হঠাৎ বমি করার পর অজ্ঞান হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
লুসাই পরিবারটা ক্রীড়াপরিবার। বাবা হারেঙ্গা লুসাইও হকি খেলতেন। চাচাতো ভাই রামা লুসাই ফুটবল ও হকি খেলেছেন জাতীয় দলে। জুবেলও খেলোয়াড় ছিলেন। কাল ভাইয়ের সঙ্গে খেলার স্মৃতিচারণা করতে গিয়ে কেঁদে ফেললেন জুবেল, ‘দাদার সঙ্গে খেলার অনেক স্মৃতি আমার। আমরা দুই ভাই ১৯৮৫ থেকে ১৯৯২ পর্যন্ত একসঙ্গে আবাহনীতে খেলেছি। এরপর আমি সাধারণ বীমা, অ্যাজাক্স ও মোহামেডানে খেলেছি। পরে আবাহনীতেই শেষ করি ক্যারিয়ার।’ পেনাল্টি কর্নার (পিসি) বিশেষজ্ঞ জুম্মন লিগে সাধারণ বীমার সঙ্গে একবার ১৭টি পিসি পেয়েও গোল করতে পারেননি! জুবেল তখন বীমায়। শেষ পর্যন্ত একটি গোল করেছিলেন জুম্মন। বড় ভাইয়ের মুখের সেই হাসিটা এখনো ভোলেননি জুবেল। হাসপাতালের বিছানায় অচেতন জুম্মনকে দেখিয়ে বলছিলেন, ‘সুস্থ হয়ে আবারও যদি তেমন একটা হাসি দিতেন দাদা!’