হাসপাতালে সাবেক ফুটবলার মারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে বলা হতো বাঁ পায়ের শিল্পী। কিন্তু সেই পায়ে এখন এতটুকু শক্তি নেই। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন একসময়ের মাঠ কাঁপানো ফুটবলার চিহ্লা মং চৌধুরী মারী। স্বাধীনতা-পূর্ববর্তী সময়ের দাপুটে ফরোয়ার্ডের বাঁ হাতে চলছে স্যালাইন। সারাক্ষণ মাথা কাঁপছে। শরীরটাও থেমে থেমে কেঁপে উঠছে। ৭৪ বছর বয়সী সাবেক এই ফুটবলার ভুগছেন আলঝেইমার ও স্কিন সরোসিসে।চার বছর আগে মারীর শরীরে আলঝেইমারের লক্ষণ ধরা পড়ে প্রথম। কয়েক বছর ধরেই চিকিৎসা চলছে। তবে আলঝেইমারের সঙ্গে চর্মরোগ যোগ হওয়ায় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আরও অসুস্থ হয়ে পড়েছেন এখন। গত পরশু রাতে অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। মারীর মেজো ছেলে হ্লা মং ববি জানিয়েছেন, ‘বছর চারেক আগে প্রথমে বাবার হাঁটুতে পানি জমে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তখন বলেছিলেন, রক্ত উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলেছেন বাবা। এরপর ক্রমেই তাঁর শরীরের অবনতি হয়। এখন যে অবস্থা তাতে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার কথা ভাবছি।’ রেলওয়ে দলে খেলে ১৯৫৫ সালে পূর্ব পাকিস্তান ফুটবল দলে অভিষেক হয় মারীর। ঘরোয়া ফুটবলে আজাদ স্পোর্টিং, ওয়ান্ডারার্স, মোহামেডান ও ইপিআইডিসিতে (অধুনা বিজেএমসি) ১৯৭১ সাল পর্যন্ত খেলেছেন তিনি দাপটের সঙ্গে।