হাসপাতালে হকির ওস্তাদ

হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ফজলুল ইসলাম। হকিপাড়ায় যাঁকে সবাই ‘ফজলু ওস্তাদ’ বলেই চেনে। কিন্তু সেই ওস্তাদই এখন কাউকে চিনতে পারছেন না। আত্মীয়পরিজন হাসপাতালে তাঁকে দেখতে গেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছেন।
৪ জুন রাতে ফজলুল ইসলামের ব্রেন স্ট্রোক করলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৬০১ নম্বর কক্ষে চিকিৎসাধীন জিমি-জাহিদদের কোচ।
ফজলুল ইসলামের স্ত্রী সালমা আক্তার বলেন, ‘ওনার মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। মাথায় রক্ত জমাট বেঁধে আছে। চিকিৎসকেরা এখনো শঙ্কামুক্ত বলছেন না।’ ফজলুলের চিকিৎসার খরচ ঠিকমতো বহন করতে পারছে না পরিবার। রক্ত পরীক্ষার আড়াই হাজার টাকা দিয়েছেন কোচের এক ছাত্রের বাবা। ফেডারেশন থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। তবে সেটি যথেষ্ট নয়। সালমা আক্তার তাই সবাইকে পাশে দাঁড়ানোর আবেদনই জানালেন, ‘আমাদের আর্থিক অবস্থা ভালো না। ছেলেদের হকি খেলা শিখিয়েই যা কিছু আয় করতেন উনি। তাঁর কিছু হয়ে গেলে আমাদের কী হবে? তাঁর চিকিৎসার জন্য কেউ এগিয়ে এলে খুব উপকার হতো।’