হাসপাতালে হানিফ মোহাম্মদ
তিন বছর ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছেন ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদ। লন্ডনে এক দফা চিকিৎসা করিয়ে কর্কট রোগকে বাগে আনা গেলেও তা আবারও মরণছোবল মারতে উদ্যত। সঙ্গে যোগ হয়েছে প্রায় দুই সপ্তাহ ধরে চলা শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা। রোববার অসুস্থতার মাত্রা বেড়ে গেলে ক্রিকেটের প্রথম ‘লিটল মাস্টারকে’ ভর্তি করা হয় করাচির একটি হাসপাতালে।
ফুসফুসের ক্যানসারটাই ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন হানিফ মোহাম্মদের ছেলে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মোহাম্মদ, ‘সময়ের সঙ্গে সঙ্গে ক্যানসার ছড়িয়ে পড়েছে। আগেরবার লন্ডনে সার্জারি করে ক্যানসার নিয়ন্ত্রণ করা গেলেও এখন নাকি কেমোথেরাপিতে কাজ হবে না। নতুন চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। এ জন্য টাকার সংস্থান করাটা আমাদের জন্য কঠিন হবে।’
পাকিস্তানের এই ক্রিকেট কিংবদন্তি তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে পারছেন না! পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাই হানিফ মোহাম্মদের পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসার সব ব্যয় বহন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। দেশের গণ্ডি ছাড়িয়ে ক্রিকেট নামের খেলাটিতেই হানিফ মোহাম্মদের যে অবদান, সেই ঋণ যে কিছুতেই শোধ হওয়ার নয়।
পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট খেলে ১২টি সেঞ্চুরি করেছেন। ব্যাটিং গড় ৪৩.৯৮। ১৯৫৭-৫৮ মৌসুমে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ৩৩৭ রানের ইনিংসটা অমর হয়ে আছে ইতিহাসে। টেস্টের তৃতীয় দিন বিকেলে ৪৭৩ রানে পিছিয়ে থেকে ফলো অনে পড়া পাকিস্তান দলকে তিনি ওই মহাকাব্যিক ইনিংসটি দিয়েই হার থেকে বাঁচিয়েছিলেন।
১৯৫৮-৫৯ মৌসুমে হানিফ প্রথম শ্রেণির ক্রিকেটে স্যার ডন ব্র্যাডম্যানের করা সর্বোচ্চ ইনিংসটিকে ছাড়িয়ে যান। তবে দুর্ভাগ্য, নিজের ৫০০তম রানটি নিতে গিয়ে ৪৯৯ রানে রানআউট হয়ে যান। ৩৫ বছর পর, ১৯৯৪ সালে ব্রায়ান লারা ছাড়িয়ে যান তাঁকে।
এই মোহাম্মদ পরিবার থেকেই উঠে এসেছে পাঁচজন টেস্ট ক্রিকেটার। সূত্র: দ্য ডন।