হাসল নাসিরের ব্যাট

বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালের প্রথম দিনটা উত্তরাঞ্চলের তাইজুল ইসলামের দখলে থাকলেও দ্বিতীয় দিনটা অবশ্য নির্দিষ্ট কারও নয়। তবে এদিন আলো ছড়িয়েছেন দক্ষিণাঞ্চলের আল-আমিন হোসেন। বল হাতে তিনি ঝুলিতে পুরেছেন ৪ উইকেট। তবে স্বস্তির কারণ হয়ে এসেছে নাসির হোসেনের ব্যাট। আজ অনেক দিন পর রান পেলেন তিনি। তবে দিন শেষে তাঁর আক্ষেপটা থাকবেই। ৬৯ রানকে যদি আরও বাড়িয়ে নিতে পারতেন!
আগের দিনের বিনা উইকেটে ১৫ রান নিয়ে আজ ব্যাট শুরু করে উত্তরাঞ্চল। তবে প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানদের তুলনায় বেশি তাড়াহুড়ো করে ফেললেন। নিয়মিত উইকেট পতনের মধ্যেই যা একটু প্রতিরোধ গড়লেন অধিনায়ক নাসির। তাঁর ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ ৬৯। ৯৭.৫ ওভারে ২৩৫ তুলে অলআউট হয় উত্তরাঞ্চল। ৩৬ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে নাসিরের দল।
দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল আল-আমিন। এ পেসার নিয়েছেন ৩৪ রানে ৪ উইকেট। এ ছাড়া সোহাগ গাজী, আবদুর রাজ্জাক ও শুভাগত হোম নিয়েছেন ২টি করে উইকেট।
পাঁচ দিনের ম্যাচ। অথচ দুদিনেই দুই দল ফুরিয়ে ফেলেছে নিজেদের প্রথম ইনিংস। দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে যে তাড়াহুড়ো, তাতে প্রশ্ন জাগতেই পারে, ম্যাচ পঞ্চম দিনে যাবে তো?