হাসি-কান্নার এশিয়ান গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনচন স্টেডিয়ামে আতশবাজির রোশনাই। বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে কাল শেষ হয়েছে এশিয়ান গেমসের ১৭তম আসর l এএফপি
ইনচন স্টেডিয়ামে আতশবাজির রোশনাই। বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে কাল শেষ হয়েছে এশিয়ান গেমসের ১৭তম আসর l এএফপি

ফেন্সিং ও কারাতেতে পোশাকবিভ্রাটে দুই প্রতিযোগীর অংশই নিতে না-পারা, শ্যুটিংয়ের হতাশা কিংবা জিমন্যাস্টিকস থেকে সাইক সিজারের পদক না নিয়ে ফেরা, ফুটবল আর হকিতে ব্যর্থতা—বাদ দিন এসব আলোচনা। এবারের এশিয়ান গেমস বাংলাদেশের জন্য কতটা ভালো হলো, তা জানতে এত কিছু ঘাঁটার দরকার নেই। শুধু গতবার পদক জেতা ইভেন্টগুলোর এবারের চিত্রটা দেখুন। হতাশ হওয়ার যথেষ্ট কারণ তো সেখানেই।

গত গুয়াংজু এশিয়াডেও বাংলাদেশের পদক ছিল তিনটি। ছেলেদের ক্রিকেটে সোনা, মেয়েদের ক্রিকেটে রুপা আর মেয়েদের কাবাডিতে ব্রোঞ্জ। এবারও ঠিক এই তিন খেলাতেই পদক এসেছে বাংলাদেশের তাঁবুতে। মেয়েদের ক্রিকেটের রুপা আর মেয়েদের কাবাডির ব্রোঞ্জ ধরে রাখা গেছে। বৃষ্টির অভিশাপ কিংবা দুর্ভাগ্যেই হোক, ফসকে গেছে ছেলেদের ক্রিকেটের সোনা। এবার তাতে রুপাও নয়, এল ব্রোঞ্জপদক। ইনচন ১৭তম এশিয়ান গেমসে বাংলাদেশ গতবারের চেয়ে ভালো করল না খারাপ, সেটা বোঝার জন্য এটুকুই যথেষ্ট।

এবার বাংলাদেশের হয়ে ১৩টি খেলায় ১২৬ জনপ্রতিযোগী এশিয়ান গেমসে অংশ নিয়েছে। সঙ্গে ছিলেন প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় অসংখ্য কর্মকর্তা। কমনওয়েলথ গেমসে যাওয়া কর্মকর্তাদের বিশাল বহর নিয়ে সমালোচনা হওয়ায় বিওএ বলেছিল, এশিয়ান গেমসে শুধু দলীয় কর্মকর্তারাই (কোচ-ম্যানেজার) দলের সঙ্গে যাবেন। বাস্তবে হিসাবের বাইরে অনেক ‘অতিথি কর্মকর্তা’কেই দক্ষিণ কোরিয়া সফরের সুযোগ করে দিয়েছে ইনচন।

তাতেও যদি ফলাফলে উন্নতি হতো, কথা ছিল। তা তো হলোই না, বরং আবারও বোঝা গেল এশিয়ান পর্যায়ে আসলে হাতে গোনা দু-তিনটি খেলাতেই প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা আছে বাংলাদেশের। বাকিগুলো নিয়ে শুধু শুধুই আশার জাল বোনা। বিশাল বহর নিয়ে এসব খেলায় অংশগ্রহণ কেবল ব্যর্থতার পাল্লাই ভারী করে।

আফগানিস্তানকে হারিয়ে ফুটবল এবার ভালো সূচনা করেছিল। কিন্তু হংকংয়ের কাছে হারে অকালমৃত্যু ঘটে স্বপ্নের। হকি নিয়ে বড় কোনো স্বপ্ন না থাকলেও বাংলাদেশ অন্তত গতবারের চেয়ে ভালো করবে, এই আশাটুকু ছিল। কিন্তু গতবারের মতো এবারও হকি দল অষ্টম। এশিয়াডে দুবার রুপাজয়ী ছেলেদের কাবাডি দল বিদায় নিয়েছে প্রথম পর্বেই।

বিশেষজ্ঞ কোচের অধীনে দীর্ঘ সাত মাসের বিশেষায়িত অনুশীলনের পরও শ্যুটিং, আর্চারি ও তায়কোয়ান্দো উপহার দিয়েছে হতাশা। শ্যুটিংয়ের ১০ মিটার এয়াররাইফেল যেটি বাংলাদেশের জন্য স্বর্ণপ্রসবা, তাতে সেরা আটের লড়াইয়ে যেতে পারেনি কেউই। তায়কোয়ান্দোতে বিদায় প্রথম পর্বেই। আর্চারিতে বিদায় এলিমিনেশন রাউন্ড থেকে। অবশ্য মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে বিউটি রায় ১/৮ পর্ব পর্যন্ত যেতে পেরেছেন। বিচ ভলিবল, উশু, ফেন্সিংয়ের মতো অপ্রচলিত খেলাগুলো ভ্রমণের উপলক্ষ ছাড়া কিছু হতে পারেনি।

এবারের এশিয়ান গেমস বাংলাদেশের জন্য বর্ণহীন এক আসর। কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে দৃষ্টিটা পুরো এশিয়াতে ছড়িয়ে দিলে দেখা যাবে এটি উপহার দিয়েছে অনেক রোমাঞ্চকর মুহূর্তও। ফুটবল-হকি—দুটোরই ফাইনালে খেলল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে হকির সোনা জিতেছে ভারত। ফুটবলের ‘কোরিয়া যুদ্ধে’ উত্তর কোরিয়াকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ কোরিয়া। এশিয়ার দর্শক-সমর্থকদের জন্য এই দুটি ম্যাচ সব সময়ই পরমকাঙ্ক্ষিত। এবার তো দুটি ম্যাচই উপহার দিল রুদ্ধশ্বাস উত্তেজনাও।

রোমাঞ্চ ছিল অ্যাথলেটিকস ট্র্যাকেও। ‘ডাবল’ জিতেছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত কাতারি অ্যাথলেট ফেমি সিউন ওগুনডে। ১০০ মিটার স্প্রিন্টে নতুন এশিয়ান রেকর্ড গড়েছেন মাত্র ৯.৯৩ সেকেন্ড সময় নিয়ে। এর এক দিন পর ২০.১৪ সেকেন্ড সময় নিয়ে গেমস রেকর্ড গড়েছেন ২০০ মিটার স্প্রিন্টেও। ইনচন জয়ের পর ওগুনডের ঘোষণা, ‘১০০ ও ২০০ মিটার, যেকোনো ইভেন্টেই আমি যে কাউকে চ্যালেঞ্জ জানাতে পারি।’ ইঙ্গিতটা ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী উসাইন বোল্ট আর তাঁর পেছনেই থাকা ইয়োহান ব্লেকের দিকে।

৪৫টি দেশের অংশগ্রহণে এশিয়ান গেমসের এবারের আসরের পর্দা নেমেছে কাল। ইনচনবাসীর স্বাভাবিক জীবনে একটুও ব্যাঘাত না ঘটিয়ে হওয়া ১৬ দিনের এই আসর সাক্ষী হয়ে থাকল অনেক হাসি-কান্নার। তবে বাংলাদেশের জন্য এটি শুধু হতাশার। সেই হতাশা থেকে নতুন উপলব্ধির জন্ম হলেই মঙ্গল।