হাসি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির কবলে পড়ে একেবারে শেষমুহূর্তে বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে ছিটকে গিয়েছিলেন মাইক হাসি। দলে সুযোগ না পাওয়ায় দু-একবার অস্ট্রেলিয়ার নির্বাচকদের উপর অভিযোগও জানিয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। কিন্তু, ভাগ্যদেবী যে একেবারেই তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নেননি, তাঁর প্রমাণ তিনি পেলেন হাতে-নাতে। শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়ে যাওয়া সেই মাইক হাসিই বিশ্বকাপের মাঝপথে ঢুকে গেছেন অস্ট্রেলিয়া দলে। পেসার ডগ বলিঞ্জারের হঠাত্ ইনজুরিই তাঁর কপাল খূলে দিয়েছে। অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিয়ে তিনি এখন স্বপ্ন দেখছেন নিজ দেশের টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের অংশ হওয়ার। দ্বিতীয়বারের মতো ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরটিতে খেলার সুযোগ পাওয়ার পর এখন নিশ্চয়ই নিজের সেরা খেলাটাই খেলতে চাইবেন মাইক হাসি। আর তাঁকে দলে ফিরে পেয়ে দারুণ খুশি হয়েছেন অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটাররাও। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের মিশনে হাসি একটা বড় ভূমিকা পালন করতে পারবেন বলে আশা করছেন সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি বলেছেন, ‘হাসির উপমহাদেশের কন্ডিশনে খেলার অনেক অভিজ্ঞতা আছে। সব ধরনের ক্রিকেটেই তার ক্যারিয়ার রেকর্ড অন্য যে কারো চেয়ে ভালো। একদিনের ক্রিকেটে, বিশেষত উপমহাদেশের মাটিতে তার রেকর্ডটা অবিশ্বাস্যরকম ভালো। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সে নিশ্চিতভাবেই একটা বড় ভূমিকা রাখতে পারবে।’মাইক হাসি দলে সুযোগ পেয়েছেন ডগ বলিঞ্জারের পরিবর্তে। একজন পেসারের বদলি হিসেবে একজন ব্যাটসম্যানকে কেন দলে নেওয়া হলো এমন প্রশ্নের জবাবে ক্লার্ক বলেছেন, ‘এই সিদ্ধান্তটা পুরোপুরিই নির্বাচকদের হাতে। হয়ত অধিনায়ক রিকি পন্টিং সেখানে কিছু মতামত দিয়েছিলেন। কিন্তু এই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হয়েছে, সেটা আমি পুরোপুরি জানিনা। তবে আমি নিশ্চিত, তারা খুব ভালোমতো আলোচনা করেই এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং এটাই হয়তো দলের জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো ফল আনবে।’ টাইমস নিউজ নেটওয়ার্ক