হাসি ফিরল মাইকের ব্যাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা সাত ইনিংসে ফিফটি নেই। অ্যাশেজ শুরুর আগে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচটি তাই দলে টিকে থাকার পরীক্ষাই ছিল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মাইক হাসি সেখানেও প্রথম ইনিংসে শূন্য রানে আউট! দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি না পেলে ব্রিসবেন টেস্টে তাঁর খেলা হতো কিনা কে জানে। এখন মনে হচ্ছে, হাসিকে বাদ দিলে বড্ড ভুল করতেন নির্বাচকেরা।কাল এই বাঁহাতির অপরাজিত ৮১-ই যে পথ দেখাল অস্ট্রেলিয়াকে। লাঞ্চের পর দুর্দান্তভাবে ফিরে এসেছিল ইংলিশ বোলাররা। কিন্তু ১৪৩ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরই ব্র্যাড হাডিনকে সঙ্গী করে দাঁড়িয়ে গেলেন হাসি। আলোকস্বল্পতার কারণে ১৭ ওভার বাকি থাকতেই দিনের খেলা শেষ হওয়ার সময় ৭৭ রানের জুটি গড়া হয়ে গেছে তাঁদের। আগেভাগেই খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটা ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের একদমই পছন্দ হয়নি। মাত্রই নতুন বল নিয়ে ঝাঁপিয়ে পড়তে যাবেন, তখনই আম্পায়ারদের ওই সিদ্ধান্ত। হাসি আর হাডিন অবশ্য খুশিই হলেন তাতে। ম্লান আলোয় কে আর নতুন বল খেলতে চায়!সকালে অপরাজিত দুই ওপেনার ওয়াটসন ও ক্যাটিচ বিচ্ছিন্ন হওয়ার আগে গড়েছেন ৭৮ রানের জুটি। ১ উইকেটে ৯৬ নিয়ে ফুরফুরে মেজাজে লাঞ্চ সেরেছে অস্ট্রেলিয়া। কিন্তু আবার খেলা শুরু হতেই বদলে গেল ম্যাচের রং। দ্বিতীয় বলেই পন্টিং আউট। অ্যান্ডারসনের লেগ স্টাম্পের বাইরের বল গ্লান্স করতে গিয়ে উইকেটকিপারকে ক্যাচ। গ্যাবার সঙ্গে পন্টিংয়ের যে সুসম্পর্ক (এখানে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করা পন্টিংয়ের গড় ৬৩.৪৭), সেটি অন্তত প্রথম ইনিংসে অটুট থাকল না। দুই ওভার পরই দুর্দান্ত এক ফিরতি ক্যাচ নিয়ে ক্যাটিচকে ফিরিয়ে প্রথম অ্যাশেজ উইকেট তুলে নেন ফিন। পরের বলেই প্রায় ফিরিয়ে দিয়েছিলেন হাসিকেও, ব্যাটের কানা নেওয়া বল দ্বিতীয় স্লিপ পর্যন্ত পৌঁছায়নি বলে বেঁচে যান হাসি। এরপর থেকে অবশ্য ক্রমেই চওড়া হাসির ব্যাট। ১৪৪ বলে ১৩টি চার আর সোয়ানের বলে লং অনের ওপর দিয়ে একটি ছক্কায় সাজানো ইনিংসে যেন পুনর্জন্ম একসময় ধারাবাহিকতার প্রতিশব্দে পরিণত হওয়া ব্যাটসম্যানের।তা না হলে বিপদেই পড়ত অস্ট্রেলিয়া। কাল উইকেট পড়েছে জোড়ায়-জোড়ায়, ৪ রানের মধ্যে ফিরে গিয়েছিলেন পন্টিং ও ক্যাটিচ। ৩ রানের মধ্যে ফিরলেন ক্লার্ক ও নর্থ। শুরু থেকেই নড়বড়ে ক্লার্ক ৮১ মিনিট সংগ্রাম করে করতে পেরেছেন মাত্র ৯। পরের ওভারেই নর্থ যখন সোয়ানের বলে স্লিপে ক্যাচ দিলেন, গ্যাবার গ্যালারি সরগরম করে রাখা বার্মি আর্মির চিৎকার তখন সপ্তমে পৌঁছেছে। নিজের ব্যাটে হাসি ফিরিয়ে তাঁদের মুখের হাসি মুছে দিয়েছেন মাইক হাসি। ওয়েবসাইট।