হাসি ফিরল ম্যানচেস্টারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাদের নগরে ফিরে এল আনন্দের সুবাতাস। এবারের চ্যাম্পিয়নস লিগ হতাশাই উপহার দিয়েছে ম্যানচেস্টার শহরটিকে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শহরের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটি। সেখান থেকে তাদের জায়গা হয়েছে ইউরোপা লিগের ৩২ দলের পর্বে। হোক না এটা ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট; তার পরও চ্যাম্পিয়নস লিগের হতাশা ম্যানইউ-সিটি ভুলতে চায় ইউরোপা লিগে। আর তারই যাত্রাপথের শুরুটা দুই দলের জন্যই হলো শুভ।পরশু আয়াক্সকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। গোল করেছেন অনেক দিন পর চোট থেকে ফেরা অ্যাশলি ইয়াং ও হাভিয়ের হার্নান্দেজ। অন্য ম্যাচে ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়ন পোর্তোকে তাদেরই মাঠে হারিয়েছে সিটি। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়া সিটি জিতেছে ২-১ গোলে। বদলি হিসেবে নেমে জয়সূচক গোলটি করেছেন আগুয়েরো।ইউরোপা লিগের বর্তমান নিয়ম অনুযায়ী প্রথম পর্বে ১২টি গ্রুপ থেকে সেরা দুটি দল যায় দ্বিতীয় রাউন্ডে। এই ২৪ দলের সঙ্গে যোগ দেয় চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া ৮টি দল। মোট ৩২ দল নিয়ে হয় নকআউট পর্ব।ম্যানইউ-সিটির মতো পোর্তো-আয়াক্সও ইউরোপা লিগে এসেছে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়ে। ড্র নামের লটারি তাদের মুখোমুখি করে দিয়েছে প্রথমেই! আয়াক্স চারবারের ইউরো-সেরা, এর মধ্যে জিতেছে টানা তিনবারও! পোর্তোও এই শিরোপা জিতেছে দুবার। যে কারণে এমনিতে দৃষ্টির আড়ালে থাকা ইউরোপা লিগের এই দুটি ম্যাচের দিকে চোখ ছিল বিশ্বজোড়া ফুটবলপ্রেমীর।অ্যালেক্স ফার্গুসন এই ম্যাচের জন্য পূর্ণশক্তির দলই নামিয়েছিলেন। যদিও প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৫৯ মিনিট পর্যন্ত। হার্নান্দেজের গোলটি এসেছে ৮৫ মিনিটে।ম্যানচেস্টারের দুই দলেরই জয় প্রতিপক্ষের মাঠে বলে শেষ ষোলো প্রায় নিশ্চিতই হয়ে গেল বলা যায়। ম্যাচ শেষে ফার্গুসনের প্রতিক্রিয়াটা অবশ্য নিরবচ্ছিন্ন আনন্দের হলো না, ‘এই স্কোরলাইনে আমি উচ্ছ্বসিত। যদিও আমাদের পারফরম্যান্স ছিল সাদামাটা। ম্যাচে দুর্দান্ত মুহূর্ত আমাদের জন্য কখনোই আসেনি। তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। এই জয় তাই আমাদের প্রাপ্যই ছিল।’ম্যানইউ আসলে শেষ ষোলোতে চলেই গেছে। আর এ কথা বলছেন খোদ আয়াক্স কোচ ফ্রাঙ্ক ডি বোর, ‘দুই ক্লাবের মধ্যে মানের সুস্পষ্ট ব্যবধান আছে। আমি মনে করি না ওদের মাঠে গিয়ে আমরা ৩-০ গোলে জিতে আসব।’আয়াক্স হাল ছাড়লেও পোর্তো কিন্তু আশা ছাড়ছে না। যদিও পরশুর পরাজয়টি তাদের জন্য আসলেই হতাশাজনক। নিজেদের মাঠে পর্তুগিজ লিগে ২০০৮ সালের নভেম্বর থেকেই কোনো ম্যাচ হারেনি পোর্তো। হারত না পরশুও। কিন্তু শুরুতে এগিয়ে গিয়েও ৫৫ মিনিটে সমতা ফিরল আলভারো পেরেইরার আত্মঘাতী গোলে। এরপর বদলি হিসেবে নামার সাত মিনিটের মধ্যেই আগুয়েরো মরণশেল হানলেন স্বাগতিক দলের বুকে। এএফপি, রয়টার্স।