হাসি-হাডিনের ব্যাটে এগিয়ে অস্ট্রেলিয়া
ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে বেশ ভালোমতো জমে উঠেছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বৈরথ। অ্যাশেজ সিরিজের আগে কথার লড়াইয়ের পর এবার মাঠের লড়াইয়ের উত্তাপটাও টের পাওয়া যাচ্ছে ভালোভাবেই। ক্রমাগত হাত বদল হচ্ছে ম্যাচের লাগাম। গতকাল দ্বিতীয় দিনে মাত্র ১৪৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে গেলেও আজ শনিবার মাইক হাসি আর ব্রাড হাডিনের সেঞ্চুরিতে এগিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া।ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়া তাদের ইনিংস শেষ করেছে ৪৮১ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষে কোন উইকেট না হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৯ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখনো ২০২ রানে পিছিয়ে ইংল্যান্ড। ৭৭ রানের জুটি গড়ে গতকাল দ্বিতীয় দিন শেষ করেছিলেন মাইক হাসি আর ব্রাড হাডিন। অনেকগুলো রেকর্ডের জন্ম দিয়ে ষষ্ঠ উইকেটের এই জুটিকে তাঁরা টেনে নিয়ে গেছেন ৩০৭ রান পর্যন্ত। গ্যাবায় এটিই ষষ্ঠ উইকেট জুটিতে সবচেয়ে বড় জুটি। আর সব মিলিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে এটি অস্ট্রেলিয়ার পক্ষে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।৩০৭ রানের এই জুটিতে হাসির অবদান ১৫৫ রান, আর হাডিনের ১৩৬। টানা দুটি সেশন ইংল্যান্ডের বোলারদের ওপর রাজত্ব করেছেন এ দুই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত দলীয় ৪৫০ রানের মাথায় হাডিনকে আউট করে এ জুটি ভাঙেন গ্রায়েম সোয়ান। দীর্ঘক্ষণের সঙ্গীকে হারানোর ফলেই বোধহয় মনোসংযোগ নষ্ট হয়ে গিয়েছিল মাইক হাসির! দুই ওভার পরেই ১৯৫ রান করে স্টিভেন ফিনের বলে কুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। এরপর মাত্র ২৩ রানের মধ্যেই একে একে জনসন, সিডল আর ডোহার্টির উইকেট তুলে নেন ফিন।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের বাকি সময়টা খুবই সাবধানতার সঙ্গে খেলে নির্বিঘ্নে পার করে দিয়েছেন দুই ইংলিশ ওপেনার অ্যান্ডি স্ট্রাউস আর অ্যালিস্টার কুক। তৃতীয় দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে তাঁদের সংগ্রহ ১৯ রান। কুক ৬ আর স্ট্রাউস ১১ রানে অপরাজিত আছেন। ক্রিকইনফো।