হাসিকে ফেরানোর ডাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃসময় নাকি দলবেঁধে আসে। প্রবাদটা কতটা সত্যি, তা অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট এখন টের পাচ্ছে ভালভাবেই। অস্ট্রেলিয়াকে চোখ রাঙাচ্ছে ধবলধোলাই লজ্জা। সেই লজ্জা এড়ানোর লড়াইয়ে ফর্মে থাকা অধিনায়ককেও না-পাওয়ার শঙ্কা। পিঠের পুরোনো চোটটা আবার মাথাচাড়া দেওয়ায় দিল্লি টেস্টে মাইকেল ক্লার্কের খেলা অনিশ্চিত। আরেকজনের না-থাকা নিশ্চিতই হয়ে গেছে। অ্যাঙ্কেলে চোট নিয়ে দেশে ফিরে গেছেন পরশু শেষ হওয়া মোহালি টেস্টে অস্ট্রেলিয়ার সেরা পারফরমার মিচেল স্টার্ক। দিল্লিতে ক্লার্ক খেলতে না পারলে দলে ফিরেই টস করতে নামবেন শেন ওয়াটসন। তবে শুধু অধিনায়ক নন, ক্লার্ক তো দলের সেরা ব্যাটসম্যানও। সেই শূন্যতা পূরণ করার মতো যে কেউ নেই! অস্ট্রেলিয়ান মিডল অর্ডারের দুর্দশা দেখে অনেকেই বলতে শুরু করেছেন, অ্যাশেজের জন্য রিকি পন্টিং ও মাইক হাসিকে ফেরাতে। দাবিটা অবশ্য খুব একটা নাড়া দিতে পারেনি মিকি আর্থারকে। তবে পন্টিংকে নিয়ে কিছু না বললেও অস্ট্রেলিয়ান কোচ জানিয়ে দিয়েছেন, হাসির জন্য দরজা খোলাই!আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ফর্মে আছেন পন্টিং ও হাসি। সর্বশেষ ম্যাচেই ভিক্টোরিয়ার বিপক্ষে ১০৪ ও ৮৬ করে তাসমানিয়াকে ফাইনালে তুলেছেন পন্টিং। এর আগে এক ম্যাচে করেছিলেন ডাবল সেঞ্চুরি, ৮ ম্যাচে তিন সেঞ্চুরি ও ৮৭.৫০ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৮৭৫ রান পন্টিংয়েরই। ৬ ম্যাচে ৪০৩ রান করেছেন হাসি, সর্বশেষ দুই ম্যাচেই আছে অপরাজিত ৯৯ ও ৯৬। পন্টিংয়ের ফেরাটা অমূলক বলেই হয়তো হাসিকে ফেরানোর দাবিটাই উঠছে বেশি জোরেসোরে। ভারত সফরে যে বার্তা মিলেছে, তাতে জুলাইয়ে এবং বছরের শেষে পিঠোপিঠি অ্যাশেজে হাসির অভাব আরও বেশি করে বোধ করতে পারে অস্ট্রেলিয়া। মিকি আর্থার স্বীকার করেছেন, দল হাসিকে মিস করছে। হাসি ফিরতে চাইলে স্বাগত জানাতেও প্রস্তুত কোচ। তবে হাসি কদিন আগে স্পষ্ট বলে দিয়েছেন, ফেরার কথা ভাবছেনই না। সম্ভাবনা কম জেনেই হয়তো আর্থার তাকাতে চাইছেন সামনে, ‘মাইক হাসি দরজায় কড়া নাড়লে আমরা অবশ্যই ওকে স্বাগত জানাব। তবে ব্যাপারটা এখনো স্রেফ অনুমানের পর্যায়ে আছে। আর বাস্তবতা হলো সে অবসর নিয়েছে, আমরাও সামনে এগিয়েছি। হ্যাঁ, অবশ্যই আমরা ওকে মিস করছি। আমরা রিকি পন্টিংকেও মিস করছি। তবে আশা করছি, সামনের দিনগুলোতে তরুণেরা সেই ঘাটতি পুষিয়ে দিতে পারবে।’আপাতত আর্থারের ভাবনা দিল্লিতে ক্লার্কের ঘাটতি পোষানো নিয়ে। শেষ পর্যন্ত ক্লার্ক খেলতে না পারলে ওয়াটসন সরাসরি সেই জায়গা নেবেন। ক্লার্ক ফিট হয়ে উঠলে ওয়াটসনকে জায়গা দিতে একাদশের বাইরে যেতে হবে হেনরিকস বা হিউজকে। স্টার্কের জায়গা নেবেন সম্ভবত মিচেল জনসন। একটু ঝুঁকি নিয়ে দিল্লিতে খেলানো যেত স্টার্ককে। কিন্তু অ্যাশেজকে মাথায় রেখে আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। এ সপ্তাহেই অস্ত্রোপচার করা হবে স্টার্কের অ্যাঙ্কেলে। ওয়েবসাইট।