হাসিখুশি আশফাকদের পাশে বিষণ্ন জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচিত সাংবাদিক দেখেই ছুটে আসেন আলী আশফাক। সহাস্যে বললেন, ‘সাফ এমন একটা মঞ্চ, দুই বছর পরপর অনেকের সঙ্গেই দেখা হয়ে যায়।’
মালদ্বীপের অধিনায়কের এটি ষষ্ঠ সাফ। সাফে খেলার অভিজ্ঞতায় তাঁকেও অবশ্য ছাড়িয়ে গেছেন আশফাকের দলেরই গোলরক্ষক ইমরান মোহাম্মদ। তবে আলী আশফাকের পরিচিতিটা অনেক বেশি। গত কাঠমান্ডু সাফে ১০টিসহ এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপে’ গোল করেছেন ১৮টি, যা তাঁকে বসিয়েছে সেরার আসনে।
হাসিখুশি আশফাক বলছিলেন, এবারও তাঁরা নতুন একটা দল নিয়ে এসেছেন। দলটা অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে। এই আত্মবিশ্বাসের পেছনে দেখছেন গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের কোচ রিকি হার্বাটের ছোঁয়া, ‘রিকি নতুন একটা দল গড়ছেন। অর্ধেকই নবীন খেলোয়াড়। তাঁর অধীনে আমাদের ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে।’ মালয়েশিয়ান লিগে পুলিশ দলে খেলছেন দুই বছর হলো। প্রথমবার চ্যাম্পিয়ন, এবার ষষ্ঠ। গোলের মধ্যে থাকা অভিজ্ঞ স্ট্রাইকার আশফাক চান যত বেশি সম্ভব গোল এবারও নামের পাশে যোগ করতে।
আশফাকদের পাশে বিষণ্ন দেখাল জামাল ভূঁইয়াকে। দক্ষিণ এশিয়ার ফুটবলের মহামঞ্চে আসার আগে সাত-আট কেজি ওজন হারানো জামালকে এখনো ফিট মনে হলো না। কোচ মারুফুল হক জানালেন, প্রথম ম্যাচে তার বাইরে থাকার সম্ভাবনা ৯০ ভাগ। আশফাকদের মুখে যখন হাসি, জামালের মুখটা অন্ধকার। দলের অন্যতম প্রাণভোমরাকে এভাবে দেখতে কার ভালো লাগে!