হাসিব, বিজয় আর অন্য বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ভুল দিনের পর দিন চলতে থাকলে সেটাই একসময় সত্য বলে প্রতিষ্ঠিত হয়ে যায়। এনামুল সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন নিজের নাম নিয়ে! ইংরেজি ‘A’ যে বাংলায় ‘এ’ না হয়ে এভাবে ‘আ’ হয়ে যাবে, ভাবতেও পারেননি। ‘এনামুল’ না ‘আনামুল’, এটা এখন প্রায় জাতীয় বিতর্ক। কাল অসহায় কণ্ঠে বললেন, ‘এখন নিজেই আসলে কনফিউজড হয়ে গেছি!’ তাঁর নাম নিয়ে রহস্য আছে আরও। এনামুল-আনামুলের টানাটানিতেও ডাকনাম ‘বিজয়’ অক্ষত ছিল। কিন্তু কাল একজন জানালেন, এনামুলের আসল ডাকনাম বিজয় ছিল না! ভদ্রলোক দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের ড্রেসিং রুমের সামনের গ্যালারিতে। ম্যাচ-শেষে ড্রেসিং রুম থেকে বেরিয়েই এনামুল ছুটলেন ওদিকে। গ্রিলের ফাঁক দিয়ে হ্যান্ডশেক, এনামুলের মাথায়-গালে হাত বুলিয়ে দেওয়া। পুরস্কার বিতরণীতে ডাক পড়তেই যেতে হলো এনামুলকে। স্ত্রী শাহনাজ পারভীনকে পাশে নিয়ে সেদিকে তাকিয়ে জামির মিয়া, এনামুলের গর্বিত বাবা। কুষ্টিয়া থেকে চলে এসেছেন ছেলের খেলা দেখতে। হাসি মুখে শোনালেন পরিবারের দেওয়া নাম বদলে যাওয়ার গল্প, ‘আমরা ওর নাম রেখেছিলাম এনামুল হক, ডাকনাম হাসিব। কিন্তু বিকেএসপিতে যাওয়ার পর ডাকনাম বদলে গেল। ওর জন্ম বিজয় দিবসে জেনে বিকেএসপির এক ম্যাডাম ওকে বিজয় বলে ডাকতে শুরু করলেন। সেই থেকে ওর নাম বিজয়ই হয়ে গেল!’ প্রেক্ষাপট যা-ই হোক, বিজয় নামেই তাঁকে মানাচ্ছে সবচেয়ে বেশি। তাঁর দলে আসা আর দলের ‘বিজয়ী’ হয়ে ওঠা চলছে হাত ধরাধরি করে! বাংলাদেশের বিস্ময়কর যাত্রার সূচক গত এশিয়া কাপের দলে ছিলেন। ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলল বাংলাদেশ ওই টুর্নামেন্টে। ফাইনালে পাকিস্তানের কাছে সেই বুকভাঙা হারে সাকিবদের কান্নায় শামিল তিনিও। সেই আক্ষেপ ভুলে এই সিরিজে কী দাপটেই না ঘুরে দাঁড়াল বাংলাদেশ! এবার আর ড্রেসিংরুমে নয়, ২২ গজে থেকে সেই অগ্রযাত্রায় সঙ্গী এনামুল। অভিষেক ম্যাচে জয়ের পার্শ্বনায়ক কাল মূল নায়ক! ম্যাচ শেষে জানালেন, পরের ম্যাচে ১২০ রানের বেশি করতে চান!নিজেকে ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জটাই তাঁর এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। দলে ঢুকি ঢুকি করছিলেন বেশ কিছুদিন থেকেই। বড় ইনিংস খেলার ক্ষুধার প্রমাণও দিয়েছেন। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে এত এত সেঞ্চুরি আর কোনো ব্যাটসম্যান করেছেন কি না সন্দেহ। গত বছর খানেকের মধ্যে করেছেন ১০ সেঞ্চুরি। গত জাতীয় লিগে তিন সেঞ্চুরি ও তিন ফিফটিতে করেছিলেন সর্বোচ্চ ৮১৬। এবারও চার ম্যাচে দুই সেঞ্চুরি হয়ে গেছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৩ ম্যাচে সাত সেঞ্চুরি ধারাবাহিকতার স্পষ্ট প্রমাণ। জাতীয় দলে এসেও সেঞ্চুরি!এনামুলের শুরুটা আরও স্মরণীয় হয়ে থাকছে দলের জয়ে। তাঁর সেঞ্চুরির মতো বাংলাদেশের জয়ের অভ্যাসটাও গড়ে উঠছে। এশিয়া কাপের সাফল্য ধরে রাখাই ছিল এই সিরিজের বৃহত্তম চ্যালেঞ্জ। এখনো সিরিজ জেতা হয়নি। কিন্তু দলের সেরা ক্রিকেটারকে ছাড়া আর একগুচ্ছ নতুন মুখ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জয়, চ্যালেঞ্জ জয় তো একরকম হয়ে গেছে!এনামুলের মতো জয়ের ভেলায় যাত্রা শুরু মমিনুলেরও। প্রথম ম্যাচে ব্যাটিং করতে হয়নি, কাল ২৯ বলে ৩১ করে জানান দিয়েছেন সম্ভাবনার। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়া-বধের পর বিকেএসপিতে বিজয় মিছিল করেছিলেন মমিনুল। এখন দাঁড়িয়েছেন দলের অগ্রযাত্রার মিছিলে! এনামুল-মমিনুলের উল্টো প্রান্তে মাশরাফি। তাঁর যখন শুরু, জয় তখন বাংলাদেশের জন্য ডুমুরের ফুল। এই সময়টা তাঁর কাছে তো মনে হবে স্বপ্নের মতো! কিন্তু এতদিনের অভিজ্ঞতায় আবেগকে বাধ দিতে শিখেছেন সাবেক অধিনায়ক, ‘আজ (কাল) আমরা পেশাদার একটা দলের মতো জিতেছি। প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়ে এমন জয় শুধু বিশ্বমানের দলগুলোই পারে। দলের সেরা পারফরমারকে ছাড়া এমন জয়ও খুব ভালো লক্ষণ। সাকিব আসার পরও অন্যরা এভাবে পারফর্ম করলে আমরা খুব ভালো দল হয়ে উঠব। তবে খুব উল্লাসের কিছু নেই। সিরিজের এখনো অনেক বাকি। অনেক কিছুই হতে পারে, আগে সিরিজটা জিততে হবে।’২-০ তে এগিয়ে থাকার পরও দলের একজন বলছেন ‘এমন কিছু হয়নি’, বাংলাদেশের এগিয়ে যাওয়ার এটাও একটা প্রমাণ!