শেফিল্ড শিল্ড আর কাউন্টিতে রানের বন্যা ছুটিয়েও জাতীয় দলে সুযোগ মিলছিল না। মার্ক ওয়াহ, ডেমিয়েন মার্টিন, ড্যারেন লেম্যানদের জন্য জায়গা মিলছিল না একাদশে। অবশেষে সুযোগ যখন পেলেন, ৩১-এ পা দিয়ে ফেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে রান তখন প্রায় ১৫ হাজার! এত দেরিতে অভিষেক বলেই কিনা রান করার খুব তাড়া ছিল। জানতেন, বেশি দিন খেলা হবে না টেস্টে। সাত বছরে ৫১.৫২ গড়ে ছয় হাজারেরও বেশি রান তুলে অবশেষে অবসরে যাচ্ছেন মাইক হাসি। শুরুটা হয়েছিল ২০০৫-এর শেষাশেষি ব্রিসবেন টেস্টে। শেষটা হচ্ছে আরেক উপকূলবর্তী শহর সিডনিতে। আগামীকাল শুরু সিডনি টেস্টই শেষ ‘মিস্টার ক্রিকেট’-এর।সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গেছে। তার পরও এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার অনুপ্রেরণার অভাব হচ্ছে না। এই টেস্ট যে তারা খেলবে হাসিমুখে হাসিকে বিদায় দেওয়ার জন্য। এই ম্যাচ উৎসর্গিত হবে টনি গ্রেগের আত্মার উদ্দেশেও। এই টেস্ট দিয়েই আবার ভাষ্যকার কক্ষে ফিরতে চেয়েছিলেন, গ্রেগ এর আগেই চলে গেছেন না ফেরার দেশে। দুই দলের এক মিনিট নীরবতা দিয়ে শুরু হবে ম্যাচ। সবার বাহুতে থাকবে কালো ফিতা। দর্শকদেরও অনুরোধ করা হয়েছে, গ্রেগের মতো হ্যাট পরে আসতে। পাশাপাশি হাসির মতো মুখে সানস্ক্রিন মেখে আসতেও অনুরোধ করা হয়েছে। হাসির সামনে সুযোগ শেষটা স্মরণীয় করে রাখার। এমনিতে শ্রীলঙ্কা তাঁর প্রিয় প্রতিপক্ষ। সাত টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর গড় ১১৭.৭৫! গত হোবার্ট টেস্টেও করেছেন সেঞ্চুরি। তাঁর ১৯ সেঞ্চুরির পাঁচটিই শ্রীলঙ্কার বিপক্ষে।হাসিকে ভালো একটা বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য সতীর্থদের তৈরি হতে বলেছেন মাইকেল ক্লার্ক। এই টেস্টে তিনি না-ও খেলতে পারেন, এমনটাই শোনা গিয়েছিল। যদিও গতকাল খেলার ব্যাপারে আশাবাদীই মনে হচ্ছিল ক্লার্ককে। শেষ পর্যন্ত ক্লার্ক খেলতে না পারলে তাঁর বদলে খেলবেন উসমান খাজা। সহ-অধিনায়ক শেন ওয়াটসনও নেই। এ অবস্থায় দলকে হয়তো নেতৃত্ব দিতে হতে পারে ডেভিড ওয়ার্নারকে। গত বছর টেস্টে দেড় হাজারের বেশি রান করেছেন, চারটা ডাবল সেঞ্চুরি; এই বছরের প্রথম টেস্টটা ক্লার্ক মিস করতে চান না বলেই খবর।শ্রীলঙ্কা দলে ইনজুরি সমস্যা আরও বড়। কুমার সাঙ্গাকারা ছিটকে গেছেন আগের টেস্টেই। তাঁকে ছাড়াই নামতে হবে অস্ট্রেলিয়ায় আরও একটি দুঃস্বপ্নের সফর কাটানো লঙ্কানদের। ‘ডাউন আন্ডারে’ ১২ টেস্ট খেলে কয়েকবার টস ছাড়া আর কিছুই জেতেনি শ্রীলঙ্কা। গত মেলবোর্ন টেস্টে তো রীতিমতো লজ্জার পরাজয়। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তাদের জন্য। এই দলীয় লড়াইয়ের মধ্যে থাকছে একটি ব্যক্তিগত যুদ্ধও। ভীষণ চাপের মুখে থাকা লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে নিতে হবে বাড়তি দায়িত্ব। শুধু সাঙ্গাকারা থাকছেন না বলেই নয়, জয়াবর্ধনে যে বিদেশের মাটিতে টানা ২৬ ইনিংস কাটিয়ে দিলেন ফিফটি ছাড়া!