হাসির খোরাকে পরিণত হয়েছে পাকিস্তান!
দানিশ কানেরিয়াকে বাদ দিয়ে আনা হয়েছে রাজা হাসানকে, অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরিয়ে আনা হয়েছে মোহাম্মদ ইউসুফকে। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত পাকিস্তান দল নিয়ে সমালোচনামুখর সাবেকরা। এ রকম বিশৃঙ্খল সিদ্ধান্তে পাকিস্তান দল বিশ্ববাসীর হাসির খোরাকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক আমির সোহেল। খবর দ্য সান।হেডিংলিতে প্রথম টেস্টে ৩৫৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান দল। প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটসম্যানেরা তুলতে পেরেছিলেন ১৮২ রান, আর দ্বিতীয় ইনিংসে ৮০ রানেই অলআউট! অথচ বলির পাঠা বানানো হয়েছে লেগ স্পিনার কানেরিয়াকে। এ টেস্টে ১৭১ রানের খরচায় কানেরিয়া মাত্র একটি উইকেট শিকার করেছিলেন বলে তাঁর ওপর আস্থা হারিয়েছেন নির্বাচকেরা। এ ঘটনায় ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার আমির সোহেল বলছেন, ‘অন্যরা যা বলছে তার সঙ্গে আমি একমত। পাকিস্তান ক্রিকেট সবার হাসির খোরাকে পরিণত হয়েছে। কানেরিয়ার মতো একজন বোলারের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অমানবিক।’ এরপর নির্বাচকদের দায়ী করে সোহেল বলেন, ‘কানেরিয়া ভালো না করলে তার জন্য দায়ী দলের কোচিং স্টাফরা। তাঁরা ভালোভাবে দায়িত্ব পালন করলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না।’কানেরিয়াকে বাদ দেওয়া ‘অমানবিক’ ও ইউসুফকে ফিরিয়ে আনা নির্বাচকদের ‘সেরা কৌতুক’ হিসেবে দেখছেন সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাশিম। সাবেক এই বাঁহাতি স্পিনার বলছেন, ‘আবদুল কাদিরের পর পাকিস্তানের ইতিহাসে সেরা লেগ স্পিনার কানেরিয়া। গত টেস্টে কানেরিয়ার খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী উইকেটরক্ষক কামরান আকমল। আর ইউসুফকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নির্বাচকদের সেরা কৌতুক।’