হাসির চমকের নাম ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা বিশ্বকাপ শুরু হয়ে গেছে, আর ‘কে জিতবে’ ভবিষ্যদ্বাণী করা চলবে না, তা কী করে হয়! ভারতে চলতে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য শিরোপাজয়ী নিয়েও হচ্ছে অনেক আলোচনা, চলছে দলগুলোর সামর্থ্যের কাটাছেঁড়া। এবার মাইক হাসিও হাজির হয়ে গেলেন তাঁর নিজের বিশ্লেষণ নিয়ে। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের চোখে বিশ্বকাপের দুই ফেবারিট অবশ্য মোটেও চমক-জাগানিয়া নয়—স্বাগতিক ভারত ও তাঁর নিজের দেশ অস্ট্রেলিয়া।
তবে হাসি বিশ্বকাপের সম্ভাব্য ‘ডার্ক হর্স’ হিসেবে যে দলটির নাম বলেছেন, সেটি আপনাকে একটু চমকে দিতে পারে। ‘মিস্টার ক্রিকেট’ মনে করেন, সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতে নিতে পারে অস্ট্রেলিয়ার ‘চিরশত্রু’ ইংল্যান্ড। কারণটা মূলত ইংলিশ দলের দুই কান্ডারি—অধিনায়ক এউইন মরগান ও কোচ ট্রেভর বেলিস। এই জুটিকে নিয়ে হাসি রীতিমতো মুগ্ধ, ‘আমি সত্যিই বিশ্বাস করি ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারে। ওরা (মরগান ও বেলিস) এমন দুজন, যারা দলে স্থিরতা আনে। টি-টোয়েন্টি ক্রিকেট অনেক চাপের, তীব্র। খারাপ বা ভালো সময়ে আবেগে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে। টুর্নামেন্টজুড়ে ওই সময়গুলোয় দুজনের নেতৃত্ব দলকে শান্ত রাখবে।’
বিশ্বকাপের প্রস্তুতি পর্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ইংল্যান্ড। তবে এটিকে বড় সমস্যা মনে করছেন না হাসি। বরং মাঠ ও মাঠের বাইরে মরগানের অনুপ্রেরণাদায়ী নেতৃত্বের কারণেই ইংল্যান্ডের পক্ষে বাজি ধরছেন হাসি, ‘ড্রেসিংরুমের আশপাশে মরগানের উপস্থিতি অসাধারণ। ও নিজের জ্ঞান ও অভিজ্ঞতা নতুনদের মাঝে ছড়িয়ে দেয়। ওরাও মরগানের প্রতিটি শব্দে বিশ্বাস করে। আর ওকে ব্যাট করতে দেখাটাও অনেক ভালোবাসি। টি-টোয়েন্টির কিছু সেরা ইনিংস ওর ব্যাটে দেখেছি।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।