গোমরা মুখটা মুহূর্তেই উজ্জ্বল হলো হাসিতে। এই হাসিমুখটা মাইক হাসির। হাসি তো হাসবেনই, বলটা মিড উইকেট বাউন্ডারি পেরোতেই তিনি পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরিটি। মুখটা হয়তো গোমরাই থাকত যদি মিড উইকেটে সহজ ক্যাচটা না ফেলতেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৯৬ রানে দাঁড়িয়ে শামিন্দা ইরাঙ্গাকে পুল করেই হাসির মনে হয়েছিল এ কী করলাম! কিন্তু বাঁচাল তাঁকে ভাগ্য। হাসির দিনে ফিফটি পেয়েছেন উইকেটকিপার ম্যাথু ওয়েডও। তবে কাল টেস্টের দ্বিতীয় দিনে দলের রান ৫ উইকেটে ৪৫০ রান হতেই ইনিংস ঘোষণা করে সবচেয়ে বড় চমক দিয়েছেন মাইকেল ক্লার্ক। দিন শেষে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে ম্যাচটাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে অস্ট্রেলিয়া। করুনারত্নে, সাঙ্গাকারা, জয়াবর্ধনে ও সামারাবীরার উইকেট হারিয়ে ৮৭ রান করেছে সফরকারীরা। ঠিক ৫০ রানে অপরাজিত আছেন দিলশান। বৃষ্টিতে কাল দেরিতে শুরু হয়েছিল খেলা। সেই ক্ষতি পোষাতে খেলা হয়েছে সন্ধ্যা ৬টা ৪০ মি. পর্যন্ত। আজ তৃতীয় দিনের খেলাও শুরু হওয়ার কথা আধঘণ্টা আগে। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার সাফল্য একটাই। দিনের তৃতীয় ওভারে ক্লার্ককে ফেরানো। ইরাঙ্গার বলে স্লিপে সাঙ্গাকারার হাতে ক্যাচ হওয়ার আগে অবশ্য ৭৪ রান করেছেন ক্লার্ক। অধিনায়কের সঙ্গে ১০৬ রানের জুটি গড়া হাসি এরপর ওয়েডের সঙ্গে গড়েছেন হার না মানা ১৪৬ রানের জুটি। ৬৮ রানে অপরাজিত ওয়েডও একবার জীবন ফিরে পেয়েছেন। ২০ রানের মাথায় হাসির মতোই পুল করে মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন ওয়েড। এবার অপরাধী বদলি ফিল্ডার সুরাজ রণদিভ। কাল অপরাজিত ১১৫ রান করে ৩৭ বছর বয়সী হাসি সর্বশেষ চার ম্যাচেই পেলেন তিনটি সেঞ্চুরি। আগামী বছরের অ্যাশেজ সিরিজকে পাখির চোখ করা এই চিরসবুজ ক্রিকেটার কালকের সেঞ্চুরিটিকে মানছেন ভাগ্যের উপহার হিসেবেই, ‘অ্যাঞ্জেলোর দিকে বলটা মেরেই মনে হলো এ কী করলাম! ওকে তো আমি দারুণ দারুণ সব ক্যাচ নিতে দেখেছি, তাই ভেবেছিলাম কোনোভাবেই সে ক্যাচটা ফেলছে না। তবে মাঝে মাঝে এই খেলাটায় কারও না কারও দিন আসে। ভাগ্যক্রমে আজকের দিনটা ছিল আমার।’শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকান কোচ গ্রাহাম ফোর্ডও দিন শেষে প্রশংসা করেছেন হাসির, ‘এই বয়সেও সে যেমন ফিট ও উইকেটের মাঝে যেভাবে দৌড়ায় সেটা সত্যিই মুগ্ধ করার মতো ব্যাপার। আর এই পর্যায়ে এসে মনে হচ্ছে আরও কয়েকটা বছর তাঁর সামনে পড়ে আছে।’ এএফপি, ওয়েবসাইট।